সিলেটে চালু হলো শ্রম আদালত
বৈশাখী নিউজ ডেস্ক: অবশেষে সিলেটে শুরু হলো শ্রম আদালতের কার্যক্রম। শ্রমিকদের বহুল প্রতিক্ষার অবসান ঘটিয়ে গত ২৫ ফেব্রুয়ারি থেকে সিলেট নগরের শাহজালাল উপশহরের শ্রমদপ্তরে এর কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে শ্রম আইনের মামলার জন্য আর চট্টগ্রামে যেতে হবে না, সিলেটেই এ অঞ্চলের শ্রমিকরা মামলা করতে এবং লড়তে পারবেন।
এর আগে গত বছরের ২৪ জুন সিলেট, রংপুর ও বরিশাল বিভাগের জন্যে পৃথক ৩টি শ্রম আদালত স্থাপনের জন্যে প্রজ্ঞাপন জারী করে সরকার। এরপর চট্টগ্রামের ২য় শ্রম আদালতের এখতিয়ার বহির্ভূত হওয়ায় সিলেট অঞ্চলের কোনো মামলা গ্রহণ করা হয়নি। পরবর্তীতে শ্রম মন্ত্রণালয়ের আদেশে গত নভেম্বর থেকে চট্টগ্রাম শ্রম আদালতে অতিরিক্ত দায়িত্ব হিসেবে সিলেট অঞ্চলের মামলা গ্রহণ করা হয়। আদালত স্থাপনের প্রজ্ঞাপন জারির প্রায় ৭ মাস পর গত মাসের প্রথম সপ্তাহে সিলেট শ্রম আদালতের চেয়ারম্যান পদে জেলা ও দায়রা জজ শহিদুল ইসলামকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারী করে শ্রম মন্ত্রণালয়।
গত ৬ ফেব্রুয়ারি নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান শ্রম মন্ত্রণালয়ের সচিবের নিকট যোগদান করেন। এরপর তিনি সিলেটে নিজ দপ্তরেও যোগদান করেন। বর্তমানে শাহজালাল উপশহরের আঞ্চলিক শ্রম দপ্তরের ২য় তলায় শ্রম আদালতের চেয়ারম্যান কার্যক্রম পরিচালনা করছেন। চেয়ারম্যানের যোগদানের পর গত ২৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম শ্রম আদালত থেকে সিলেট অঞ্চলের ২৩টি মামলার নথিপত্র সিলেট শ্রম আদালতে প্রেরণ করা হয়। পর্যায়ক্রমে চট্টগ্রামে বিচারাধীন সিলেট অঞ্চলের সকল মামলা এই আদালতে চলে আসবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
সংশ্লিষ্টরা জানান, আদালতের কার্যক্রম পূর্ণাঙ্গরূপে চালুর জন্যে আদালতের রেজিস্ট্রারসহ প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়োগের প্রক্রিয়া চলছে। শ্রম দপ্তরের বাইরে পৃথক ভবনে আদালতের কার্যক্রমের জন্যে মানানসই ভবন খোঁজা হচ্ছে। পরবর্তীতে শ্রম আদালতের জন্যে নিজস্ব ভূমিতে সুরম্য ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। সিলেট বিভাগের ৪ জেলার যে কোন পর্যায়ের শ্রমিক তার ন্যায্য অধিকার পেতে শ্রম আদালতে মামলা দায়ের করতে পারবেন। ফৌজদারী অপরাধের মতোই শ্রম আইনে বিচার কার্যক্রম চলবে।
এদিকে, আদালতের পূর্ণাঙ্গ জনবল নিয়োগেও পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানা গেছে।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীকে হত্যার ঘটনায় আসামি জিতেশ চন্দ্র গোপকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More
সিলেটে হাসপাতালে শিশুকে ধর্ষণ, আসামীর যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় সুমেল খাঁ (৪০)Read More



Comments are Closed