Main Menu

বিটিআরসিকে ১০০০ কোটি টাকা দিল গ্রামীণফোন

বৈশাখী নিউজ ডেস্ক: আপিল বিভাগের নির্দেশে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নিরীক্ষা আপত্তির বকেয়ার মধ্যে এক হাজার কোটি টাকা দিয়েছে দেশের টেলিকমিউনিকেশন খাতের সবচেয়ে বড় প্রতিষ্ঠান গ্রামীণফোন।

রোববার বিকেল সাড়ে ৩টার পর রমনায় বিটিআরসির চেয়ারম্যানের কাছে সংস্থার কার্যালয়ে গ্রামীণফোনের পরিচালক ও হেড অব রেগুলেটরি অ্যাফেয়ার্স হোসেন সাদাতসহ কর্মকর্তারা এ সংক্রান্ত পে-অর্ডার হস্তান্তর করেন।

এক হাজার কোটি টাকার পে-অর্ডার গ্রহণের পর বিটিআরসি চেয়ারম্যান বলেন, অনেক দিন ধরে মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। আজ সংবিধান রক্ষা হলো, সুপ্রিম কোর্টের আদেশ রক্ষা হলো। এ সরকার তার প্রাপ্য অর্থের কিছু হলেও পেলো, যা জনগণের টাকা।

টাকা দেওয়ার জন্য গ্রামীণফোনকে ধন্যবাদ জানিয়ে চেয়ারম্যান বলেন, দেরি হলেও ব্যাপারটি বুঝতে পেরেছে, টাকাটা দেওয়াই যখন লাগবে, দিয়ে দিয়েছে তারা।

গত শুক্রবার বিটিআরসিকে হাজার কোটি টাকা দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় গ্রামীণফোন। এর আগে বিটিআরসির নিরীক্ষা দাবির পাওনা এক হাজার কোটি টাকা আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে দিতে গ্রামীণফোনকে নির্দেশ দেন আপিল বিভাগ। গত বৃহস্পতিবার এ নির্দেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ।

Share





Related News

Comments are Closed