Main Menu

করোনা ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ১৫২৩

আন্তর্জাতিক ডেস্ক: চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এক হাজার পাঁচশ ২৩ জনে ঠেকেছে। সে দেশের ৩১টি রাজ্যে এখন পর্যন্ত ৬৬ হাজার চারশ ৯২ জন আক্রান্ত হয়েছেন।

শনিবার (১৫ ফেব্রয়ারী) চীনের জাতীয় স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ১৪ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত ৩১টি রাজ্য থেকে হতাহতের এই খবর পাওয়া যায়।

তারা আরো জানিয়েছে, ৫৬ হাজার আটশ ৭৩ জন বর্তমানে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ১১ হাজার ৫৩ জনের অবস্থা গুরুতর। তবে গতকাল মধ্যরাত পর্যন্ত আট হাজার ৯৬ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশে প্রথম এই ভাইরাস শনাক্তের পর অন্তত ২৫টি দেশে ছড়িয়ে পড়েছে। এ বছরের জানুয়ারির শেষের দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসের জেরে স্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থা জারি করেছে।

এদিকে চীনের হুবেই প্রদেশে নতুন করে আরো দুই হাজার চারশ জনের বেশি লোক আক্রান্ত এবং একদিনে ১৩৯ জন মারা যাওয়ার পর বেইজিংয়ে অবস্থানরতদের করোনভাইরাস ছড়িয়ে পড়া রোধে ১৪ দিনের সেল্ফ কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

ভাইরাস সংক্রমণের কারণে চীন ভ্রমণে সতর্কতা, নিষেধাজ্ঞা জারি এবং কড়াকড়ি আরোপ করেছে অনেক দেশ। ভারত, সিঙ্গাপুর, শ্রীলঙ্কাসহ অনেক দেশ চীন থেকে আগত যাত্রীদের ভিসা বাতিল করেছে। ভাইরাসের কারণে, বিশ্বের অনেক দেশ তাদের নাগরিকদের চীন ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে। চীনে অধিকাংশ বিমান সংস্থার ফ্লাইট বাতিল করা হয়েছে। যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা, ফ্রান্সসহ আরও অনেক দেশ তাদের নাগরিকদের চীন থেকে সরিয়ে নিচ্ছে।

গুয়াংডং-সহ দেশটির যেসব প্রদেশের বাসিন্দা ৩০ কোটির বেশি সেসব শহরে ভাইরাসের বিস্তার ঠেকাতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু দেশটির কারখানাগুলোতে দিনে মাত্র ২ কোটি মাস্ক তৈরির সক্ষমতা রয়েছে বলে জানিয়েছেন চীনের শিল্প-প্রতিষ্ঠানবিষয়ক বিভাগের মুখপাত্র তিয়ান ইউলং। তিনি বলেন, কর্তৃপক্ষ ইউরোপ, জাপান এবং যুক্তরাষ্ট্র থেকে মাস্ক আনার পদক্ষেপ নিয়েছে। তবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দক্ষিণ কোরিয়া, জাপান, কাজাখস্তান, হাঙ্গেরিসহ বিশ্বের আরও বেশ কয়েকটি দেশ মেডিকেল সহায়তায় হাত বাড়িয়েছে।

২০১৯ সালের ৩১ ডিসেম্বর চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনা ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত ২০টির মতো দেশে ছড়িয়ে পড়েছে।

চীন, থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, হংকং, সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া, নেপাল, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, তাইওয়ান ও ইসরায়েলস ২৫টি দেশে এ ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। প্রতিদিনই নতুন নতুন রোগীকে শনাক্ত করা হচ্ছে।

Share





Related News

Comments are Closed