পদ্মা সেতুর ৩ হাজার ৬০০ মিটার দৃশ্যমান
বৈশাখী নিউজ ডেস্ক: পদ্মা সেতুতে ২৪তম স্প্যান বসানোর মধ্য দিয়ে মূল সেতুর ৩ হাজার ৬০০ মিটার দৃশ্যমান হলো। মঙ্গলবার (১১ ফেব্রয়ারী) দুপুর সোয়া একটায় শরীয়তপুরের জাজিরা প্রান্তে সেতুর ৩০ ও ৩১ নম্বর পিলারের উপর স্থায়ীভাবে বসানো হয় স্প্যানটি। এর আগে ২ ফেব্রুয়ারি পদ্মা সেতুর ২৩তম স্প্যানটি বসানো হয়। ৯ দিনের মাথায় বসল ২৪তম স্প্যান।
সেতুর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্প্যানটি প্রস্তুত হওয়ার পর মাওয়া প্রান্তের ১২ ও ১৩ নম্বর খুঁটিতে অস্থায়ীভাবে বসানো হয়েছিল। আজ সকাল সাতটার দিকে মাওয়া প্রান্ত থেকে প্রায় তিন হাজার টন ওজনের স্প্যানটি নিয়ে রওনা হয় ভাসমান জাহাজ। ৩১ নম্বর খুঁটির কাছে পৌঁছায় সকাল ১০টার দিকে। এরপরই স্প্যানটি বসানোর কাজ শুরু করা হয়। বেলা ১টা ১৫ মিনিটের সময় স্প্যানটি খুঁটির ওপর বসানো হয়।
সেতু বিভাগের উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবির বলেন, সকালে স্প্যানটি নিয়ে মাওয়া প্রান্ত থেকে প্রকৌশলীরা রওনা হন। স্প্যানটি খুঁটির ওপর বসাতে দুপুর হয়ে যায়। আশা করা যাচ্ছে, সব কটি খুঁটির কাজ আগামী এপ্রিলের মধ্যেই সম্পন্ন করা হবে। ৪২টি খুঁটির ওপর ৪১টি স্প্যান বসানো হবে। ইতিমধ্যে ২৪টি স্প্যান বসে গেছে। আগামী জুলাইয়ের মধ্যে সব কটি স্প্যান খুঁটির ওপর বসানোর পরিকল্পনা রয়েছে।
প্রকৌশলীরা জানান, সেতুতে ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে ৪১০টি বসানো হয়েছে। ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাবের মধ্যে ১২৫টি বসানো শেষ হয়েছে। মোট ৪১টি স্প্যানের মধ্যে চীন থেকে মাওয়ায় এসেছে ৩৩টি। এর মধ্যে ২৪টি স্প্যান বসানো হয়েছে।
৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুর ৪২টি খুঁটিতে ৪১টি স্প্যান বসবে। দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড মূল সেতু নির্মাণের কাজ করছে। দ্বিতল এই সেতুর উপরিভাগ দিয়ে চলবে গাড়ি, আর নিচ দিয়ে চলাচল করবে ট্রেন।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed