Main Menu

বাহুবলে বাস উল্টে দুই নারীসহ ৩ যাত্রী নিহত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে যাত্রীবাহী বাস উল্টে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০ যাত্রী।

শুক্রবার সকালে উপজেলার কামাইছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন হবিগঞ্জ সদর উপজেলার দৌলতপুর গ্রামের কমলা আক্তার (৩৫), বাস চালকের সহকারী শায়েস্তাগঞ্জ উপজেলার মড়রা গ্রামের আবু সাঈদ (৩০) ও অজ্ঞাতপরিচয় নারী (৬০)।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, সকালে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস বাহুবল উপজেলার কামাইছড়া এলাকায় এসে নিয়ন্ত্রণ হারায়। এ সময় রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খেলে বাসটি দুমড়ে-মুছড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। সকাল সাড়ে দশটায় মরদেহগুলো উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed