Main Menu

সিলেটে বাম জোটের মিছিলে হামলা, আহত ১০

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে প্রগতিশীল বাম ঐক্য জোটের মিছিলে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। মঙ্গলবার বিকেলে নগরীর বন্দরবাজার এলাকার সিটি পয়েন্টে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের মাথায় হেলমেট ছিলো বলে জানান বাম নেতারা।

বাম নেতাদের অভিযোগ, ২০/২৫ জন লোক মাথায় হেলমেট পড়ে ও হাতে লাঠিসোটা নিয়ে মিছিলে হামলা চালায়। এতে তাদের ৮/১০ জন কর্মী আহত হন। এরপর পাল্টা ধাওয়া করলে হামলাকারীরা পালিয়ে পার্শ্ববর্তী বন্দরবাজার পুলিশের ফাঁড়িতে আশ্রয় নেয় বলেও জানান তারা।

সরকারের একবছর পূর্তিতে সোমবার ঢাকায় মিছিলকালে প্রগিতিশীল বাম জোটের মিছিলে হামলা চালায় পুলিশ। এর প্রতিবাদে মঙ্গলবার বিকেলে সিলেটে মিছিল বের করে বাম রাজনৈতিক দলগুলোর এই মোর্চা।

মিছিলে থাকা বাসদ নেতা প্রণব জ্যোতি পাল জানান, মিছিলটি সিটি পয়েন্টে আসার পর আওয়ামী লীগ নেতা ফারুক আহমদের নেতৃত্বে ২০/২৫ জনের একটি দল হামলা চালায়। হামলাকারীদের মাথায় হেলমেট ও হাতে লাঠি ছিলো। হামলায় আহত হন বামজোটের সমন্বয়ক আবু জাফর, বাসদ (মার্কসবাদী) রুবাইয়াত রুবা, ছাবিহা নওশিন, ছাত্র ইউনিয়নের শ্রাবন সরকার, অনিবার্ন সহ ৮/১০জন নেতাকর্মী। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রণব বলেন, পরে আমরা পাল্টা ধাওয়া দিলে হামলাকারীরা পালিয়ে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে আশ্রয় নেয়। এরপর আমরা মিছিল করে শহীদ মিনারে এসে সমাবেশ করি।

শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে সিলেট জেলা বাম গণতান্ত্রিক জোট ও বাসদ সমন্বয়ক আবু জাফর এর সভাপতিত্বে ও ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক নাবিল এইচের পরিচালনায় বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক উজ্জল রায়, সিপিবি সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, ইউসিবিএল সাধারণ সম্পাদক এম এ হাসিব, বাসদ নেতা প্রণব জ্যোতি পাল, ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি সঞ্জয় কান্ত দাশ, ছাত্র ইউনিয়ের মনীষা ওয়াহিদ।উজ্জ্বল রায়, আনোয়ার হোসেন, আব্দুল হাফিজ প্রমুখ।

সমাবেশে বাম গণতান্ত্রিক জোট ও বাসদ সমন্বয়ক আবু জাফর বলেন, সিটি পয়েন্টে বামজোটের শান্তিপূর্ন সমাবেশে হামলা ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ। গনবিচ্ছিন্ন সরকার আজ জোর করে সন্ত্রাসীদের দিয়ে বিরোধী মত দমন করতে চাইছে। কমরেড আবু জাফর অবিলম্বে হামলকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এদিকে বামজোটের সমাবেশে হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন বাংলাদেশ জাসদ সিলেট মহানগর সভাপতি জাকির আহমদ ও সাধারণ সম্পাদক নাযাত কবির।

এ ব্যাপারে সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিঞা বলেন, বাম দলগুলোর মিছিলে কারা ধাওয়া করেছিলো বলে শুনেছি। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। কেউ আহত হয়েছে বলেও শুনিনি।

Share





Related News

Comments are Closed