Main Menu

গ্রেফতারের পর ‘বন্দুকযুদ্ধে’ নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শাহাদাত হোসেন স্বপন নামে এক ‘ডাকাত’ নিহত হয়েছেন। রবিবার (২৯ ডিসেম্বর) রাতে উপজেলার মুছাপুর ইউনিয়নের ছোটধলী নদী পাড়ে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। এ সময় পুলিশের ছয় সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শাহাদাত হোসেন স্বপন (৩৯) কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের বেলায়েত হোসেনের ছেলে।

পুলিশ জানায়, আন্তঃজেলা ‘ডাকাত’ দলের সদস্য শাহাদাত হত্যাসহ ২৩ মামলার আসামি। ‘বন্দুকযুদ্ধে’র পর ঘটনাস্থল থেকে একটি দেশীয় পাইপ গান, ৭ রাউন্ড গুলিসহ বেশ কিছু ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, তালিকাভুক্ত আসামি ও আন্তঃজেলা ‘ডাকাত’ দলের সদস্য শাহাদাত হোসেন স্বপনকে পুলিশ দীর্ঘদিন ধরে খুঁজছিল। রবিবার সন্ধ্যায় তাকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী থেকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে জানায়, তার দলের সদস্যরা ডাকাতি করার জন্য কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ছোটধলী নদী পাড়ে অবস্থান করছে। এরপর রাতে থানা ও ডিবি পুলিশ তাকে নিয়ে সেখানে গেলে তার সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে পুলিশও গুলি ছোড়ে। এ সময় শাহাদাত গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে নোয়াখালী সদর হাসপাতালে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ‘বন্দুকযুদ্ধ’ চলাকালে পুলিশের ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমানসহ ৬ জন আহত হন। ঘটনাস্থল থেকে একটি দেশীয় পাইপ গান, ৭ রাউন্ড গুলিসহ বেশ কিছু ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শাহাদাতের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় ২৩টি মামলা রয়েছে।

Share





Related News

Comments are Closed