Main Menu

গণতন্ত্র মুক্তি দিবস আজ

বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৬ ডিসেম্বর, গণতন্ত্র মুক্তি দিবস। দীর্ঘ নয় বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গণঅভ্যুত্থানের মুখে ১৯৯০ সালের এই দিনে পতন ঘটে এরশাদের।

তৎকালীন তিন জোটের রূপরেখা অনুযায়ী নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে বাধ্য হন তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী দিয়েছেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন পৃথক কর্মসূচির আয়োজন করেছে।

প্রসঙ্গত, ১৯৮২ সালের ২৪ মার্চ জনগণের ভোটে নির্বাচিত বিচারপতি আব্দুস সাত্তারের সরকারকে ক্ষমতাচ্যুত করে তৎকালীন সেনাপ্রধান এরশাদ রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হন। ১৯৮৬ সালের জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারী এরশাদ সরকার তার সামরিক পোশাক বদলে ‘গণতন্ত্রী’ হয়।

তবে দেশের মানুষ স্বৈরাচার এরশাদ মেনে নেয়নি। তার বিরুদ্ধে টানা প্রায় ৯ বছর সংগ্রাম করেছে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে ১৫ দল, বিএনপির নেতৃত্বে ৭ দল ও বামপন্থিদের নিয়ে গঠিত ৫ দলীয় জোট তীব্র আন্দোলনে নামে।

ধারাবাহিক আন্দোলনের একপর্যায়ে ১৯৯০ সালের নভেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন ব্যাপক আকার ধারণ করে। পরে ছাত্র-গণআন্দোলন আরও বেগবান হয়। ৫ ডিসেম্বর রাতে এরশাদ পদত্যাগের কথা ঘোষণা করেন। শুরু হয় গণতন্ত্রের নতুন যাত্রা।

Share





Related News

Comments are Closed