Main Menu

হাসপাতালে এটিএম শামসুজ্জামান

বিনোদন ডেস্ক: অসুস্থ হয়ে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান অভিনেতা এটিএম শামসুজ্জামান।

সোমবার (২৫ নভেম্বর) দুপুর ১টায় এটিএম শামসুজ্জামান হাসপাতালে ভর্তি হন বলে জানান এই অভিনেতার স্ত্রী রুনী জামান।

রুনী জামান বলেন, গেল কিছুদিন উনার ঠিক মত বাথরুম হচ্ছে না। সেই সঙ্গে আগের সমস্যাগুলো আবার দেখা দিয়েছে তাই উনাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়েছে। উনার জন্য সবাই দোয়া করবেন।

এর আগে চলতি বছরের ২৬ এপ্রিল পেটের সমস্যা নিয়ে অসুস্থ হয়ে পড়লে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয় বরেণ্য এ অভিনেতাকে। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। সেখানে দীর্ঘ ৪ মাস হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর ২৮ আগস্ট বাসায় ফিরেন তিনি।

এটিএম শামসুজ্জামান ১৯৪১ সালের ১০ সেপ্টেম্বর নোয়াখালীর দৌলতপুরে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। অভিনয়ের জন্য এটিএম শামসুজ্জামান পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে পেয়েছেন একুশে পদকও। এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেতে যাচ্ছেন এই অভিনেতা।

Share





Related News

Comments are Closed