বিমানের সাবেক এমডির বিরুদ্ধে দুদকের মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: বিমান বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আবুল মুনীম মোসাদ্দিক আহমেদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একইসঙ্গে বিমানের আরও কয়েক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি।
সোমবার (২৫ নভেম্বর) দুদকের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।
আবুল মুনীম মোসাদ্দিক আহমেদ ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- বিমানের পরিচালক (ফ্লাইট অপারেশন্স) ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল, প্রাক্তন পরিচালক (প্রশাসন) ও বর্তমানে বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টারের (বিএটিসি) অধ্যক্ষ পার্থ কুমার পণ্ডিত এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপক (নিয়োগ) ফখরুল হোসেন চৌধুরী।
মামলার অভিযোগের বিবরণে বলা হয়, আসামিরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ২০১৮ সালে ক্যাডেট পাইলট নিয়োগের দায়িত্বকালীন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও বয়স নির্ধারণে বিমানের প্রচলিত বিধি-বিধান অনুসরণ করেননি। নিজেদের ইচ্ছেমত ব্যাখ্যা দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে এবং পরে ওই নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন করে ব্যবস্থাপনা পরিচালক আবুল মুনীম মোসাদ্দিক আহমেদের ভাতিজাসহ ৩০ জন প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা শিথিল করে নিজেরা লাভবান হয়ে এবং ওই প্রার্থীদের অবৈধ সুবিধা দেন।
এতে আরও বলা হয়, ক্যাডেট পাইলট নিয়োগের পদ্ধতি অনুসরণ না করে, লিখিত ও মৌখিক পরীক্ষার মানবণ্টন ম্যানুয়াল অনুযায়ী না করে মৌখিক পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর রেখে বিশেষ প্রার্থীদের অবৈধ সুবিধা দেওয়া এবং লিখিত (এমসিকিউতে ২০ নম্বর এবং বর্ণনামূলকে ১০ নম্বর) পরীক্ষায় গ্রেস দেওয়ার মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করে অবৈধভাবে বিমানের ক্যাডেট পাইলট নিয়োগ কার্যক্রম সম্পন্ন করে বর্ণিত ব্যক্তিরা ন্যস্ত ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক অসদাচরণ করে।
১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় অপরাধ করায় মামলাটি দায়ের করা হয়।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed