Main Menu

সিলেটে সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট কর অঞ্চলের ব্যবস্থাপনায় সাতদিন ব্যাপী আয়কর মেলা নগরীর রিকাবীবাজারের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে শুরু হয়েছে। বিভাগীয় পর্যায়ের এই মেলা শেষ হবে ২০ নভেম্বর। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে।

বৃহস্পতিবার সকালে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান পিএএ। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি।

বক্তব্যে তিনি বলেন, ‘আমরা সবাই মিলে সরকারের প্রবৃদ্ধি বাড়াতে চাই। আমরা এসডিজি অর্জনকারী দেশে পরিণত হতে চাই। ২০২১ সালে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন হবে। ২০৪১ সালে রূপকল্প, ২০৭১ সালে স্বাধীনতার শতবর্ষ পালন করবো।’

সিলেট কর অঞ্চলের কর কমিশনার রনজীত কুমার সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার গোলাম মোহাম্মদ মুনির, সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি এটিএম শোয়েব ও কর আইনজীবী সমিতির সভাপতি মো. আবুল ফজল।

সংশ্লিষ্টরা জানান, মেলায় ২৫টি বুথ রয়েছে। যেখান থেকে ওয়ানস্টপ সার্ভিস পাবেন করদাতারা।

এদিকে, আয়কর মেলার প্রথম দিনেই সিলেটে ২ কোটি ৪৩ লাখ ১৫ হাজার ৩০৯ টাকা কর আদায় হয়েছে। দিন শেষে মেলায় রিটার্ণ দাখিল করেছেন ১ হাজার ৮৫ জন এবং নতুন ইটিআইএন নিয়েছেন ৭৪ জন। তবে মেলায় কেউ ইটিআইএন রি-রেজিস্ট্রেশন করেননি।

কর অঞ্চল সিলেটের উপ কর কমিশনার (সদও দপ্তর, প্রশাসন) কাজল সিংহ এ তথ্য নিশ্চিত করে বলেন, ২০১৮-১৯ অর্থ বছরে ৯৬৪ দশমিক ৯৮ কোটি টাকা লক্ষ্যমাত্রা ও ৪০ হাজার করদাতা বাড়াতে কাজ করছে সিলেট কর অঞ্চল। মেলায় সার্ভিস ডেস্ক, ইটিআইএন, রিটার্ন গ্রহণ, সঞ্চয়ী ব্যুরো, সামরিক-আধা সামরিক, সশস্ত্র বাহিনী ও মুক্তিযোদ্ধা বুথ, সিনিয়র সিটিজেন, আইনজীবী, মহিলা প্রতিবন্ধি ও সাংবাদিকদের ব্যাংকসহ ২৫টি বুথের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে।

Share





Related News

Comments are Closed