Main Menu

বুলবুলের আঘাতে খুলনা ও পটুয়াখালীতে নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: প্রবল ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে খুলনা ও পটুয়াখালীতে নারীসহ ২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

রবিবার (১০ নভেম্বর) সকালে গাছচাপায় ওই দু’জনের মৃত্যু হয়।

এর মধ্যে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় গাছ ভেঙে ঘরচাপায় হামেদ ফকির (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। উপজেলার উত্তর রামপুর এলাকার মৃত ইয়াসিন ফকিরের ছেলে।

তাৎক্ষণিকভাবে নিহত অপরজনের নাম পরিচয় জানা যায়নি।

বুলবুলের আঘাতে দেশের বিভিন্ন অঞ্চলে এরইমধ্যে অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে কলকাতা ও উড়িষ্যায় দুজনের মৃত্যুর খবর জানিয়েছে ভারতের সংবাদমাধ্যমগুলো।

ভোর ৫টার দিকে পশ্চিমবঙ্গ-খুলনা উপকূল অতিক্রম করার পর এখন সাতক্ষীরায় আঁছড়ে পড়েছে প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’। রবিবার সকাল ৮টার পর ঘূর্ণিঝড়টি সাতক্ষীরায় আঘাত হানে।

এ প্রতিবেদন লিখা পর্যন্ত সাতক্ষীরায় বুলবুলের আঘাতে এরইমধ্যে কয়েক হাজার গাছপালা উপড়ে পড়েছে। জেলার বহু এলাকার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন, ভারি বর্ষণ অব্যাহত আছে। বিধ্বস্ত হয়ে পড়েছে প্রায় চার শতাধিক ঘরবাড়ি। পানিবন্দি হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ।

ঘূর্ণিঝড় বুলবুল আঘাত হানার পূর্বাভাস পাওয়ার পর থেকে রবিবার সকালে সাতক্ষীরার বিভিন্ন এলাকায় সরেজমিনে মানুষের আর্তনাদ আহাজারি ছিল চোখে পড়ার মতো। বুলবুলে নিরুপায় মানুষকে সহায়তা দিতে ও উদ্ধারকাজ চালাতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

Share





Related News

Comments are Closed