Main Menu

হবিগঞ্জে ছাত্রলীগ নেতার বাড়ি থেকে অস্ত্র উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সদস্য তোফাজ্জল হক তালুকদারে বাড়ি থেকে একটি দেশীয় পিস্তল ও ৩ রাউন্ড গুলি, শতাধিক দেশীয় অস্ত্র ও সংঘর্ষে ব্যবহৃত ঢাল উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে জেলার বানিয়াচংয় উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় তার বিছানার নিচ থেকে এসব উদ্ধার করা হয় বলে জানান জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম।

পুলিশ ও এলাকাবাসীরা জানান, উপজেলার উত্তর সাঙ্গর গ্রামের বাসিন্দা ইউপি মেম্বার কাজী জানে আলম এবং জেলা ছাত্রলীগের সদস্য তোফাজ্জল হক তালুকদারের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। বুধবার গ্রামের কয়েকজন শিশুর মধ্যে ঝগড়া হয়। বিষয়টি রাতে মিমাংসা করে দেন ইউপি মেম্বার কাজী জানে আলম। এর জের ধরে বৃহস্পতিবার সকালে ছাত্রলীগ নেতা তোফাজ্জল তালুকদারের লোকজনের হামলায় ইউপি মেম্বার জানে আলম আহত হন। গ্রামে এ খবর ছড়িয়ে পড়লে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে শতাধিক মানুষ আহত হয়। তাদের মধ্যে টেটাবিদ্ধ কাজী আব্দাল মিয়া, কাজী আব্দুল্লাহ, কাজী বেনু মিয়া, কাজী কবির আনছারী, স্বপন মিয়া, আবুল খায়ের, সালমান মিয়া, তোফায়েল মিয়া, ইউপি মেম্বার কাজী জানে আলম, বাছির মিয়া, কাজী মাছুম, কাজী নোমান, কাজী মনির, শামীম মিয়া, কাজী জুয়েল, ফারুক মিয়া, ফখরুল মিয়া, উজ্জ্বল মিয়া, নোমান মিয়া, সালেক মিয়া, সোহেল মিয়া ও রাহাত মিয়াকে গুরুতর আহত অবস্থায় জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। এদের মাঝে ৮ জনকে আশংকাজনক অবস্থায় ঢাকা ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৪ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে পরিস্থিতি নিয়েন্ত্রণে আনে। পরে ওই ছাত্রলীগ নেতার বাড়িতে অভিযান চালিয়ে একটি দেশীয় পিস্তল ও ৩ রাউন্ড গুলি, শতাধিক দেশীয় অস্ত্র ও সংঘর্ষে ব্যবহৃত ঢাল উদ্ধার করা হয়। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত আছে। তবে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম।

Share





Related News

Comments are Closed