জাবিতে আজও কালো পতাকা প্রদর্শন
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে ‘এ’ ইউনিটভূক্ত গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের অবশিষ্ট আবেদনকারী এবং ‘এইচ’ ইউনিটভূক্ত আইআইটির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম পদার্থবিজ্ঞান ভবনে পরীক্ষার হল পরিদর্শন করেন। এ সময় উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. নূরুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ, প্রক্টর এবং সহকারি প্রক্টরগণ উপাচার্যের সঙ্গে ছিলেন।
এদিকে আন্দোলনকারীদের সঙ্গে সম্ভাব্য ‘ঝামেলা’ এড়াতে উপাচার্য গতকাল বিকেলে শেষ শিফটে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন।
অন্যদিকে দুর্নীতির অভিযোগে উপাচার্য ড. অধ্যাপক ফারজানা ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা ও পদত্যাগের দাবিতে কালো পতাকা প্রদর্শন করেছেন আন্দোলনকারী শিক্ষক- শিক্ষার্থীরা। সোমবার দুপুরে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’- এর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
কর্মসূচিতে দর্শন বিভাগের অধ্যাপক আনোয়ারুল্লাহ ভূঁইয়া বলেন, ‘আমরা দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তার পেটোয়া বাহিনী দিয়ে শিক্ষার্থীদের ওপর ন্যক্কারজনক হামলা চালিয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যও চেয়েছিলেন আমরা ভর্তি পরীক্ষা বাধাগ্রস্ত করি। কিন্তু ভর্তিচ্ছুদের কোনো ক্ষতি আমরা করব না।’
তিনি বলেন, ‘ভর্তি পরীক্ষা চলছে বলে আমরা নমনীয়ভাবে আমাদের কর্মসূচি পালন করছি। আমাদের নমনীয়তাকে দুর্বলতা ভাববেন না। পহেলা অক্টোবরের মধ্যে আপনি সসম্মানে পদত্যাগ না করলে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থার দায় নিয়ে আপনি পদত্যাগ করতে বাধ্য হবেন।’
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের জাবি শাখার যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন শিশির বলেন, ‘শিক্ষক-শিক্ষার্থীরা আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে। এই ভয়ে দিনের শেষ সময়ে লুকোচুরি করে পরীক্ষা পরিদর্শনে গেলেন। আর দুটো ছবি তুলে ঘোষণা করলেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ভালোভাবে চলছে। এসব লোক দেখানো পরিদর্শন সবাই বুঝে।’
কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক সোহেল রানা, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস, অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা, দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন, অধ্যাপক কামরুল আহসান, পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন রুনু, বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা, সহযোগী অধ্যাপক নাজমুল হাসান তালুকদার, অধ্যাপক তারেক রেজা প্রমুখ।
এছাড়া জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ জাবি শাখার নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed