Main Menu

জাবি উপাচার্যের পদত্যাগ দাবি, অবাঞ্ছিত ঘোষণা

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধিকতর উন্নয়ন প্রকল্পে আর্থিক কেঁলেঙ্কারীর সাথে জড়িত থাকার অভিযোগে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের পদত্যাগের দাবি করেছে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনাকারী শিক্ষক-শিক্ষার্থীরা। তারা আগামী পহেলা অক্টোবরের মধ্যে উপাচার্যকে স্বেচ্ছায় পদত্যাগের জন্য সময় বেঁধে দেয়।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনে এক সংবাদ সম্মেলনে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ এর পক্ষ থেকে উপাচার্যের পদত্যাগের দাবি তোলে। এসময় উপাচার্যকে ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা হয়। গত কয়েকদিন ধরে তিনদফা দাবিতে চলমান আন্দোলনের সমাধানে দ্বিতীয় দফা বৈঠকে দীর্ঘ তিন ঘন্টা আলোচনা করেও সমঝোতায় পৌছতে ব্যর্থ হলে আন্দোলনকারীরা এ সিদ্ধান্ত নেয়।

সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের মধ্য থেকে অধ্যাপক রায়হান রাইন বলেন, ‘উপাচার্যের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠার পরে এই গুরুত্বপূর্ণ পদে থাকার তার নৈতিক অধিকার নেই। আগামী পহেলা অক্টোবরের মধ্যে তাকে সসম্মানে পদত্যাগ করতে হবে। নতুবা কঠোর কর্মসূচিতে যাওয়া হবে। এর মধ্যে নিয়মতান্ত্রিক কর্মসূচি চলবে।’ এসময় আন্দোলনকারীরা আসন্ন ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে (২২ সেপ্টম্বর থেকে ২ অক্টোবর) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে সকল পরীক্ষাকেন্দ্রে অবাঞ্ছিত ঘোষণা করেন আন্দোলনকারী শিক্ষক শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলন থেকে বৃহস্পতিবার বেলা বারোটায় বিক্ষোভ কর্মসূচীর ঘোষণা দেয়া হয়।

সংবাদ সম্মেলনে অধ্যাপক খবির উদ্দিন, অধ্যাপক শামীমা সুলতানা, অধ্যাপক কামরুল আহসান, অধ্যাপক তারেক রেজা, অধ্যাপক আনোয়ারুল্লাহ ভূইয়া, অধ্যাপক জামাল উদ্দিন রুনু, জাবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি নজির আমিন চৌধুরী জয়, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি সংসদের সভাপতি মোহাম্মদ দিদার, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মার্কসবাদী) সভাপতি মাহাথির মোহাম্মদ, জাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি আশিকুর রহমান, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষন পরিষদের আহ্বায়ক শাকিল উজ্জামান, যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন শিশির, আরিফুল ইসলাম আদিব প্রমুখ উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed