Main Menu

সিলেটে মাজার জিয়ারত করলেন সাদ এরশাদ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও দলের প্রয়াত চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের ছেলে সাদ এরশাদ।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১টায় বিমানযোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। বিমানবন্দর থেকে অভ্যর্থনা দিয়ে বিশাল বহর নিয়ে সাদ এরশাদকে মাজার গেট পর্যন্ত নিয়ে যান জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

এরপর দুপুর ২টার দিকে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেন তিনি। এসময় মাজারে গিলাফ ছড়ান তিনি।

এসময় জাতীয় পার্টির কেন্দ্রীয় কয়েকজন নেতা এবং সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাদ এরশাদ সিলেটে দুই মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করার কথা জানান।

এ সময় কথা বলতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। সাদ বলেন, তার বাবাকে ছাড়া এই প্রথম সিলেট সফর করলেন তিনি।

জিয়ারত শেষে মরহুম পিতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেছেন বলে জানান তিনি।

তবে রংপুর-৩ আসনে নির্বাচনে তার ও দলের কার্যক্রম প্রসঙ্গে কোনো কথা বলতে রাজি হননি তিনি।

মাজার জিয়ারত শেষে সিলেট সার্কিট হাউসে জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করেন তিনি।

সাদ এরশাদের সফরসঙ্গী হিসাবে ছিলেন সাদের স্ত্রী মাহিমা এরশাদ, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, সফিকুল ইসলাম সেন্টু, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নূরু, সিনিয়র যুগ্ম মহাসচিব ও স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক লিয়াকত হোসেন খোকা এমপি, যুগ্ম মহাসচিব ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম ওমর, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ভূইয়া, যুব সংহতির সাধারণ সম্পাদক ফখরুল আহসান শাহজাদা, স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সদস্য সচিব মো. বেলাল হোসেন, জাপার কেন্দ্রীয় যুগ্ম যুব বিষয়ক সম্পাদক আবু সাঈদ স্বপন, কেন্দ্রীয় নেতা গোলাম হুমায়ুন কবির মীর, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটির নেতা মোস্তফা মাসুদুজ্জামান মাসুদ ও আক্তারুজ্জামান খানসহ ২০ জন।

উল্লেখ্য, সাদ এরশাদ আজ সিলেটে মাজার জিয়ারত করে রোববার থেকে রংপুরে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টি থেকে প্রার্থী হয়েছেন সাদ। নির্বাচনকে সামনে রেখে দুই ওলির মাজার জিয়ারত করতে সিলেটে আসেন তিনি।

Share





Related News

Comments are Closed