Main Menu

আসাম ইস্যুতে সিলেট সীমান্তে বিজিবি’র সতর্কতা

বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) চূড়ান্ত তালিকা প্রকাশের পর সিলেট সীমান্তে কড়া সতর্কতা জারি করা হয়েছে। সিলেটের সীমান্তবর্তী কোনো এলাকা দিয়ে এনআরসিতে বাদ পড়া কেউ যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেজন্য বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) নজরদারি বৃদ্ধি করেছে।

এমন তথ্য সংবাদমাধ্যমকে জানিয়েছেন বিজিবির সিলেট সেক্টরের কমান্ডার কর্ণেল এ এম খায়রুল।

বিজিবির এই কর্মকর্তা জানান, শনিবার আসামের এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। এই তালিকায় বাদ পড়েছেন ১৯ লাখেরও বেশি মানুষ। এনআরসির তালিকায় বাদ পড়া লোকজন যাতে বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য সিলেট জেলার সবকয়টি সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। বিজিবি সদস্যদের সীমান্তে সতর্কাবস্থায় রাখা হয়েছে।

সেক্টর কমান্ডার খায়রুল বলেন, ‘সীমান্তে বিজিবি সদস্যদের সতর্কাবস্থায় রাখার পাশাপাশি স্থানীয় লোকজনকেও সচেতনতামূলক বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে।’

সিলেটের গোয়াইনঘাট, জকিগঞ্জ, বিয়ানীবাজার, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও কানাইঘাট থানা এলাকায় হচ্ছে ভারত সীমান্ত। মূলত জকিগঞ্জের সাথে আসাম রাজ্যের মূল সংযোগ। এসব এলাকার প্রতিটি সীমান্তেই সতর্ক অবস্থানে আছে বিজিবি। তবে সীমান্তের ওপারে এখনো কোন গোলযোগ লক্ষ্য করা যাচ্ছে না বলে জানিয়েছেন বিজিবি-১৯ (জকিগঞ্জ) এর পরিচালক লে. কর্নেল সাঈদ হোসেন।

এদিকে পুলিশ বলছে যদিও এসব কাজ বিজিবির। তবুও সীমান্ত এলাকার সকল থানাগুলোতে পুলিশের পক্ষ থেকে নজরদারি রয়েছে। বিজিবির সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন- সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. আমিনুল ইসলাম।

অপরদিকে আসামের নাগরিক তালিকা থেকে ১৯ লক্ষাধিক মানুষ বাদ পড়লেও বাংলাদেশ সীমান্তে এর কোন প্রভাব পড়ার তেমন কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিজিবি-৪৮ (সিলেট) এর পরিচালক লে. কর্নেল জামিল। তিনি বলেন, ‘তাদের এ তালিকায় আমাদের সীমান্তে কোন প্রভাব ফেলবে বলে মনে হচ্ছে না। তবুও সব রকম সতর্কতা আমাদের আছে। সীমান্তে বিজিবির কড়া সতর্কতা আছে।’ কোনরকম পুশ-ইন করার কোন সম্ভাবনা আছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, এটা আসলে ঠিক বলা যাচ্ছে না। তবুও তারা যদি এমন কিছু করতে চায় তাহলে আমরা প্রতিহত করবো।

এদিকে সিলেটের জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম বলেছেন- ‘এটি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের ব্যাপার। তাই এ ব্যাপারে আমার কোন মন্তব্য নেই।’

প্রসঙ্গত, ভারতের আসাম রাজ্যের সাথে সিলেটের দীর্ঘ সীমান্ত রয়েছে। ফলে আসামে এনআরসি থেকে বাদ পড়া লোকজন বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে পারে বলে শঙ্কা রয়েছে।

Share





Related News

Comments are Closed