Main Menu

২ সেপ্টেম্বর থেকে সিলেটে পরিবহণ ধর্মঘট

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে বিআরটিসির বাস চলাচল বন্ধসহ ৫ দফা দাবিতে আগামী ২ সেপ্টেম্বর থেকে সিলেটসহ ৫ জেলায় অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট পালনের ডাক দিয়েছে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহণ মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

বুধবার সিলেটের দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে সংগঠনের প্রধান কার্যালয়ে এক সভায় এ ঘোষণা দেন নেতৃবৃন্দ। দাবি আদায় না হওয়া পর্যন্ত আগামী ২ সেপ্টেম্বর থেকে সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকাল পরিবহণ ধর্মঘট পালনের জন্য নির্দেশনাও দেয়া হয়েছে।

সভায় বক্তারা বলেন, ‘সিলেট-সুনামগঞ্জ সড়কে চালুকৃত বিআরটিসি বাস সার্ভিস প্রত্যাহার করার দাবি জানালেও কর্তৃপক্ষ এ বিষয়ে কোন পদক্ষেপ নেয়নি। মহাসড়কে চেকিং এর নামে পরিবহণ শ্রমিকদের উপর পুলিশী নির্যাতন বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যর্থতার পরিচয় দিয়েছে। সুনামগঞ্জ-সিলেট রোডে চালুকৃত বিআরটিসি বাস সার্ভিস বন্ধসহ বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে বিভিন্ন সময় স্মারকলিপি ও সমঝোতা বৈঠক করেও ফল পাওয়া যায়নি। তাই আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দাবি আদায়ের লক্ষে সংগ্রাম চালিয়ে যেতে হবে।’

সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযুদ্ধা সেলিম আহমদ ফলিক এর সভাপতিত্বে ও সদস্য সচিব মো. সজিব আলীর পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন আহ্বায়ক মো. আবুল কালাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহ মো. জিয়াউল কবির পলাশ, হবিগঞ্জ জেলা সড়ক পরিবহনের সহ-সভাপতি জিতু মিয়া, সুনামগঞ্জ জেলা পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সিলেট জেলা ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি সৈয়দ মকসুদ আহমদ, সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি সেজাউল করিম, কার্যকরি সভাপতি বুরহান উদ্দিন।

Share





Related News

Comments are Closed