Main Menu

খুলনায় হত্যা মামলায় ৮ জ‌নের যাবজ্জীবন

বৈশাখী নিউজ ডেস্ক : খুলনার বটিয়াঘাটার আনন্দ মণ্ডল হত্যা মামলায় আটজনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানার আদেশও দেয়া হয়েছে।

১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার বিকেলে খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাইফুজ্জামান হিরো এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হচ্ছেন- প্রমোদ মণ্ডল, অশোক মণ্ডল, অমর মণ্ডল, নির্মল ওরফে নিমাই মণ্ডল, গোলক মণ্ডল, রমেশ মণ্ডল, নিশাকর মণ্ডল ও বিকাশ বালা।

রায়ে পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে। আর মামলার ১৪ আসামির মধ্যে একজন মারা গেছেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পিপি আরিফ মাহমুদ লিটন।

মামলার বিবরণে জানা গেছে, ১৯৯৯ সালের ৩০ মে রাতে পূর্ব শত্রুতার জের ধরে বটিয়াঘাটা উপজেলার হোগলাবুনিয়া স্লুইস গেটের কাছে আনন্দ মণ্ডলকে কুপিয়ে ফেলে রেখে যায় আসামিরা। পরে চিকিৎসাধীন অবস্থায় ২ জুন আনন্দ মণ্ডল মারা যায়।

পরদিন আনন্দ মণ্ডলের স্ত্রী দেবলা মণ্ডল বাদী হয়ে বটিয়াঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ এ মামলায় ২০০৮ সালের ২০ অক্টোবর ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।

Share





Related News

Comments are Closed