Main Menu

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১১৭৯

বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলে আজও প্রাণ গেছে ৫ জনের। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ইবনে সিনা হাসপাতাল, পিরোজপুরে ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) বিকেলে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আব্দুল কালাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। কালাম উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের গদিশাল গ্রামের মফিজ উল্লাহর ছেলে।

শনিবার সকালে ঢাকার ইবনে সিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অজয় দাস (২৫) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। অজয় চাঁদপুরের মতলব থানার সুজাতপুর গ্রামের গৌতম দাসের ছেলে। তিনি আশুলিয়া এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।

অপরদিকে শনিবার ভোরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মো. জারিফ হোসেন নামের সাড়ে চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বাড়ি ময়মনসিংহ নগরের শিকারিকান্দা এলাকায়। জারিফ তাদের একমাত্র সন্তান।

পিরোজপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মমতাজ বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। মমতাজ বেগম পিরোজপুর সদর উপজেলার তেজদাশকাঠী গ্রামের বাবুল হাওলাদারের স্ত্রী।

শুক্রবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আবুল কালাম (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আবুল কালাম কেরানীগঞ্জের জিনজিরা ইউনিয়নের রহমতপুর গ্রামের বাসিন্দা।

এদিকে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, শনিবার সারা দেশে ডেঙ্গুতে নতুন করে ১ হাজার ১৭৯ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগের দিন শুক্রবারে ছিলেন ১ হাজার ৪৪৬ জন।

প্রতিদিন সকাল ৮টা থেকে পরেরদিন সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব করা হয়। গত চব্বিশ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৫৭০ জন এবং বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলা হাসপাতালে ৬০৯ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে সরকারি হিসেবে ৬২ হাজার ৮৯ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

Share





Related News

Comments are Closed