Main Menu

হজে গিয়ে নিখোঁজ সুনামগঞ্জের সুরুতুন নেছা

বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে হজ করতে গিয়ে নিখোঁজ হয়েছেন সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার দুর্লভপুর গ্রামের সুরুতুন নেছা আফিন্দী (৬৫) নামের এক মহিলা।

গত ২৮ জুলাই তিনি হজ পালনের উদ্দেশ্যে তার স্বামী মো. রবজ আলী আফিন্দীর সাথে যান। পরে তারা সৌদি আরবে পৌঁছে হজের আনুষ্ঠানিকতা পালনের জন্য মিনায় শয়তানকে পাথর নিক্ষেপের উদ্দেশ্যে যান। ঐ সময় সেখানে প্রচুর ভিড় থাকার কারণে সুরুতুন নেছার স্বামী তাকে অন্য মহিলাদের সাথে তাবুতে থাকার জন্য বলেন। পরে এসে দেখেন তার স্ত্রী ঐ স্থানে নেই। গত রোববার (১১ আগস্ট) থেকে নিখোঁজ রয়েছেন সুরুতুন নেছা। তার স্বামী তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাননি।

এ নিয়ে দেশে থাকা তার ছেলে মেয়ে আতংকে দিন কাটাচ্ছেন। তারা তাদের স্বজনদের সহযোগিতায় বিভিন্নভাবে মাকে খোঁজে বের করার চেষ্টা করেছেন। তারা হজে যাওয়ার জন্য প্রথমে যোগাযোগ করেন সিলেটের শাহপরান ট্রাভেল এজেন্সির সাথে পরে তারা ঢাকার মাউরা ট্রাভেলস এজেন্সির মাধ্যমে হজে পাঠায়।

এ ব্যাপারে সিলেটের শাহাপরান ট্রাভেল এজেন্সির মো. জুবায়েরের মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।

নিখোঁজ সুরুতুন নেছার ছেলে ইয়াকবির আফেন্দী বলেন, আমার মা বাবা এ বছর এক সাথে হজ পালনের উদ্দেশ্য সৌদি আরবে যান। শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপের সময় খুব বেশি ভিড় থাকার কারণে পাশের তাবুতে অন্য মহিলাদের সাথে তাকে রেখে যান। পরে এসে দেখেন সেখানে কেউ নেই অনেক খোঁজাখুঁজির পরও তাকে এখন পর্যন্ত পাওয়া যায়নি। সৌদি আরবে যদি কেউ তার সন্ধান পান তাহলে +৮৮ ০১৭১২৪০৩৪৮২ মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। এ ছাড়াও তার মোয়াল্লেম নাম্বারেও +৯৬৬৫৫৩৬৪৪৬৯৬ যোগাযোগ করতে পারেন।

Share





Related News

Comments are Closed