Main Menu

সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থী খুন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: জুতা নিয়ে বিরোধের জেরে সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে হামলায় তানভীর হোসেন তুহিন (২০) নামের এক প্রশিক্ষণার্থী নিহত হয়েছেন। বুধবার সকাল ১১টায় দক্ষিণ সুরমার আলমপুরস্থ সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে হামলার শিকার হন তিনি।

নিহত তুহিন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের কোনাচর দক্ষিণভাগ পলিকাপন গ্রামের মানিক মিয়ার ছেলে। তিনি সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কম্পিউটার প্রশিক্ষণ নিচ্ছিলেন। একই ট্রেডের শিক্ষার্থী কামরান ও তার সহযোগিদের হামলায় গুরুতর আহত হন তিনি।

সেখান থেকে উদ্ধার করে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে তার অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার লক্ষ্যে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন তার পরিবারের সদস্যরা। সন্ধ্যা ৬টার দিকে পথিমধ্যেই তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে তুহিন প্রশিক্ষণ কেন্দ্রের নির্ধারিত স্থানে তার জুতা রেখে কম্পিউটার ল্যাবে প্রবেশ করে। এক পর্যায়ে তুহিন কম্পিউটার ল্যাব থেকে বের হয়ে দেখে তার জুতা নেই। কিছুক্ষণ পর তার হারানো জুতা জোড়া অন্য একজন প্রশিক্ষণার্থীর পায়ে দেখতে পেয়ে তার বলে দাবি করে। এসময় উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ বিষয়টি মিমাংসা করে দেন। কিন্তু প্রশিক্ষণ কেন্দ্র থেকে বের হওয়ার পরপরই তুহিনের ওপর হামলা হয়।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ওসি আখতার হোসেন জানান, ‘সিলেট কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে তানভীর হোসেন তুহিনের সাথে জুতা নিয়ে অন্য এক প্রশিক্ষণার্থী কামরানের বাকবিতন্ডা হয়। এর জের ধরে কামরান কয়েকজনকে সাথে নিয়ে তুহিনের উপর হামলা চালায়। এ ঘটনায় কদমতলী এলাকার আব্দুল আলীম এর ছেলে আবু কুদরত তায়েফকে আটক করা হয়েছে।’

Share





Related News

Comments are Closed