Main Menu

ঢাবির ভর্তি পরীক্ষা: এমসিকিউ ৭৫, লিখিত ৪৫

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় নতুন নিয়ম নিয়ে এসেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

যেখানে ৭৫ নম্বরের বহু নির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) ও ৪৫ নম্বরের লিখিত পরীক্ষা নেয়া হবে। এমসিকিউ পরীক্ষার জন্য ৫০ মিনিট ও লিখিত পরীক্ষার জন্য ৪০ মিনিট সময় পাবেন পরীক্ষার্থীরা। ফলে মোট ১২০ নম্বরের পরীক্ষার জন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ১ ঘণ্টা ৩০ মিনিট সময় পাবেন।

এর আগে ঢাবিতে ১ ঘণ্টায় ১২০ নম্বরের এমসিকিউ পরীক্ষা নেয়া হতো। তবে নতুন শিক্ষাবর্ষে এবার থেকে সেই নিয়ম বদলে ফেলা হচ্ছে।

বুধবার (২৪ জুলাই) ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিবিষয়ক সাধারণ ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, রেজিস্ট্রার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি পরীক্ষায় ৭৫ নম্বরের এমসিকিউ এবং ৪৫ নম্বরের লিখিত পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এমসিকিউ পরীক্ষার জন্য ৫০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed