Main Menu

টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক :: কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ দুজন নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ১ লাখ পিস ইয়াবা ও কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ বিজিবির সিও লে. কর্নেল ফয়সাল হাসান খান। নিহত দু’জনই ইয়াবা ব্যবসার সাথে জড়িত বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৩ জুলাই) দিবাগত রাতে টেকনাফের হ্নীলা ল্যাদা রোহিঙ্গা ক্যাম্পের পার্শ্ববর্তী খালপাড় এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন মো. কামাল (২২) ও মো. হাবিবুর রহমান (২৩)। কামাল রোহিঙ্গা নাগরিক। তার বাবার নাম মো. ইসলাম। উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরের ব্লক ই, ১১ নম্বর ক্যাম্পের বাসিন্দা ছিলেন কামাল। নিহত হাবিবুর রহমান কোয়াইক্যং উপজেলার মহেশখালিয়াপাড়ার আবু শামার ছেলে।

বিজিবি জানিয়েছে, মিয়ানমার থেকে ইয়াবার চালান আসার খবরে ওই স্থানে অভিযানে যায় বিজিবি। এ সময় বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে ইয়াবা ব্যবসায়ীরা। বিজিবিও পাল্টা গুলি ছুড়লে তারা পিছু হটে। পরে ঘটনাস্থল তল্লাশি করে ইয়াবা, আগ্নেয়াস্ত্র ও গুলিবিদ্ধ দু’জনকে পাওয়া যায়। গুলিবিদ্ধদের কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Share





Related News

Comments are Closed