ডিটিএইচ সেবা আকাশ’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক : দেশে প্রথমবারের মত বিশ্বমানের ডিটিএইচ (ডিরেক্ট টু হোম) সেবা নিয়ে এসেছে বেক্সিমকো কমিউনিকেশন্স লিমিটেড। ‘আকাশ’ ব্র্যান্ড নামে এ সেবা পণ্য বাজারজাত করা হবে।
বাংলাদেশে অনেক আধুনিক টিভি থাকলেও দর্শকরা ডিটিএইচ প্রযুক্তির সেবা গ্রহণের অবাধ স্বাধীনতা পাননি। দেশের প্রথম এবং একমাত্র আইনসম্মত ডিটিএইচ অপারেটর আকাশ। এটি পে-টিভি শিল্পের সনাতনী ধারা পরিবর্তনে এবং একে অনন্য একটি উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিশ্বে নিজস্ব স্যাটেলাইট থাকা ৫৭তম দেশ বাংলাদেশ। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ থেকে ডিটিএইচ সেবা প্রদান করবে আকাশ। এর মাধ্যমে দেশের ডিজিটাল অগ্রযাত্রার গৌরবময় সঙ্গী হলো বেক্সিমকো।
বৃহস্পতিবার (১৬ মে) রাজধানীর দ্যা ওয়েস্টিন হোটেলে ডিটিএইচ সেবা আকাশের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তথ্য মন্ত্রী ড. হাছান মাহ্মুদ এমপি এবং বিশেষ অতিথি হিসেবে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি বক্তব্য রাখেন। সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং বেক্সিমকো কমিউনিকেশন্স’র ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এমপি।
অনুষ্ঠানে ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন বেক্সিমকো কমিউনিকেশন্স’র চেয়ারম্যান শায়ান এফ রহমান এবং স্বাগত বক্তব্য রাখেন একই কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ডিএস ফায়সাল হায়দার।
আগামী ১৯ মে থেকে দেশের ২০টি জেলায় আকাশ ডিটিএইচ বাণিজ্যিকভাবে পাওয়া যাবে।
জেলাগুলো হলো- ঢাকা, ময়মনসিংহ, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, কক্সবাজার, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এবং সুনামগঞ্জ।
শিগগিরই দেশের অন্যান্য জেলাতেও অনুমোদিত খুচরা বিক্রেতাদের কাছ থেকে এ ডিটিএইচ পাওয়া যাবে।
অনুষ্ঠানে তথ্য মন্ত্রী ড. হাছান মাহ্মুদ এমপি বলেন, “সম্প্রচার আইন বাস্তবায়নে ডিটিএইচ সেবা আকাশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকারের রাজস্ব আয় বাড়াবে ডিটিএইচ। একইসাথে ক্যাবল লাইনের সমস্যা ও রাস্তাঘাটে তারের জঞ্জাল দূর করবে। বিদেশি বিজ্ঞাপনমুক্ত অনুষ্ঠান সম্প্রচারে সহায়ক শক্তি হবে ডিটিএইচ। টিভিতে সংবাদসহ সব অনুষ্ঠানের স্পষ্ট শব্দ ও ছবি এই প্রযুক্তিতেই নিশ্চিত করা সম্ভব।”
বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি বলেন, “ডিজিটাল বাংলাদেশের স্বপ্নকে আরও একধাপ এগিয়ে নিলো আকাশ ডিটিএইচ। এ সেবা যেন সহজে সব মানুষ ব্যবহার করতে পারে সে ব্যবস্থা গ্রহণ করতে হবে। দূরবর্তী এলাকায় ক্যাবল লাইনের সেবা দেয়া প্রায় অসম্ভব। তাই তারবিহীন এ প্রযুক্তি সেই বিচ্ছিন্ন এলাকাতে সহজেই তথ্য ও বিনোদনের সুযোগ নিশ্চিত করতে পারে।”
বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেড জানায়, বিশ্বব্যাপী পে-টিভি শিল্পে ডিটিএইচ একটি উচ্চতর প্রযুক্তি। বাংলাদেশী দর্শকদের প্রয়োজন মেটাতে দেশী-বিদেশী জনপ্রিয় চ্যানেল সম্প্রচারের বড় সংগ্রহ নিয়ে এসেছে আকাশ। দেশে টিভি দেখার স্বাদ ও অভিজ্ঞতা বদলে দেবে এ প্রযুক্তি।
সর্বোচ্চ মানের ছবি ও শব্দের নিশ্চয়তা দিয়ে শতাধিক চ্যানেল নিয়ে সেবা চালু করছে আকাশ ডিটিএইচ। ভ্যাটসহ মাসিক ৩৯৯ টাকায় এ সেবা উপভোগ করতে পারবেন গ্রাহকরা। শিগগিরই আরও নতুন চ্যানেল এবং ভিডিও অন ডিমান্ড ও প্রোগ্রাম রেকর্ডিংয়ের মত নতুন সেবা-ফিচার যুক্ত করা হবে। বিদ্যমান ফিচারগুলোর মধ্যে রয়েছে প্রোগ্রাম রিমাইন্ডার, ফেভারিট প্রোগ্রাম লিস্টিং, প্যারেন্টাল কন্ট্রোল।
আকাশ ডিটিএইচ’র এককালীন সংযোগ খরচ ৬ হাজার ৪৯৯ টাকা। সংযোগ সামগ্রীর মধ্যে রয়েছে অত্যাধুনিক এইচডি সেট টপ বক্স, গ্রাহকবান্ধব ও বহুমুখী ব্যবহার উপযোগী রিমোট কন্ট্রোল, তাপ ও বৃষ্টি প্রতিরোধী ইউনিভার্সাল কেইউ ব্যান্ড ডিশ এবং অন্যান্য অ্যাক্সেসরিজ। সীমিত সময়ের জন্য বিনামূল্যে ইনস্টলেশন এবং এক মাসের সাবস্ক্রিপশন পাওয়া যাবে। এছাড়া সার্বক্ষনিক ২৪/৭ গ্রাহক সেবার জন্য কল সেন্টার এবং পেশাদার ইনস্টলেশন ও বিক্রয় পরবর্তী সেবা নিশ্চিত করবে আকাশ।
Related News
ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ ব্যবহারRead More
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More



Comments are Closed