সাবেক মন্ত্রী আমিনুল হক আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিষ্টার আমিনুল হক মারা গেছেন। তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। এক মাসের বেশি সময় লাইফ সাপোর্টে থাকার পর তিনি মারা যান।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, আজ রোববার সকাল ১০টা ৩০ মিনিটে রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে আমিনুল হক মারা যান। তিনি দীর্ঘদিন ইউনাইটেড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি ছিলেন।
লিভার ক্যান্সারে আক্রান্ত আমিনুল হককে চিকিৎসার জন্য সিঙ্গাপুর জেনারেল হাসপাতালেও নেওয়া হয়েছিল। সেখান থেকে ফিরিয়ে এনে ১৪ মার্চ তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। তার বয়স হয়েছিল ৭৬ বছর।
পরিবারের সদস্যরা জানান, রোববার জোহরের নামাজের পর হাই কোর্ট মাজার মসজিদে, বিকাল ৪টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এবং বিকাল সাড়ে ৫টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমিনুল হকের জানাজা হবে।
তার দুই ছেলেমেয়েই থাকেন যুক্তরাষ্ট্রে। তারা ফিরলে দুই দিন পর রাজশাহীতে তাকে দাফন করা হবে।
রাজশাহী-১ আসন থেকে বিএনপির মনোনয়নে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার আমিনুল হক। ১৯৯১-৯৬ এবং ২০০১-০৬ মেয়াদে বিএনপি সরকারের মন্ত্রিসভাতেও ছিলেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের প্রবীণ এই নেতার মৃত্যুতে শোক প্রকাশ করে তার আত্মার মাগফেরাত কামনা করেছেন।
আমিনুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, রাজশাহীর রাজনীতিবিদ ব্যারিস্টার আমিনুল হক ছিলেন একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Related News
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More
রূপপুর পারমাণবিক কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। আজRead More



Comments are Closed