যুক্তরাষ্ট্রের সতর্কতা জারিতে চিন্তার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ভ্রমণ সতর্কতা জারি নিয়ে শঙ্কিত বা চিন্তার কিছু নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের পোস্ট দেখে যুক্তরাষ্ট্র এই সতর্কতার নোটিশ দিয়েছে।
বুধবার (১৭ এপ্রিল) বিকেলে সিলেটের দক্ষিণ সুরমায় তিন দিনব্যাপী টাটা গাড়ির গ্র্যান্ড মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা যথেষ্ট ভালো এবং সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের কোন কারণ নেই। বরং বাংলাদেশের অভূতপূর্ব অগ্রগতি দেখে সেখানকার লোকজন বাংলাদেশে বিনিয়োগ বাড়াতেই আগ্রহী।
নিটল মটরসের চেয়ারম্যান আব্দুল মতলুব আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।
সভা শেষে সিটি বাস সার্ভিস ‘নগর এক্সপ্রেস’ এর একটি মিনিবাসের উদ্বোধন করেন মন্ত্রী।
এর আগে বুধবার দুপুরে এক সংক্ষিপ্ত সফরে সিলেট আসেন পররাষ্ট্রমন্ত্রী। ঢাকা থেকে হেলিকপ্টারযোগে নগরীর আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে এসে অবতরণ করেন তিনি। সেখানে তাঁর সাথে সাক্ষাৎ করেন ‘সিলেট উন্নয়ন ও ঐতিহ্যের স্মারক সংরক্ষণ পরিষদ’র নেতৃবৃন্দ। তারা সিলেটের আবু সিনা ছাত্রবাসের স্থলে নতুন জেলা হাসপাতালের নির্মাণ কাজ দ্রুত সম্পন্নের দাবি জানান।
এ সময় মন্ত্রী তাদের উদ্দেশ্যে বলেন, আবু সিনা ছাত্রাবাসের ভবনের একটি অংশ ঐতিহ্যের স্মারক হিসেবে সংরক্ষণ করা হবে। বাকি জায়গায় হাসপাতাল নির্মাণ করা হবে। সিলেটে সরকারিভাবে চিকিৎসার পর্যাপ্ত হাসপাতাল নেই। মানুষেরও দীর্ঘদিনের দাবি নতুন হাসপাতালের। সাধারণ মানুষের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে হাসপাতালের কাজ দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেয়া হবে।
উল্লেখ্য, সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত আবু সিনা ছাত্রাবাসের জায়গায় সিলেট জেলা হাসপাতাল নির্মাণ হবার কথা থাকলেও একটি পক্ষ এ স্থাপনাকে ঐতিহ্যের অংশ দাবি করে সংরক্ষণের আহবান জানাচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে এ বিতর্কের অবসান হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
এ সময় সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, ‘সিলেট উন্নয়ন ও ঐতিহ্যের স্মারক সংরক্ষণ পরিষদের আহবায়ক জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ, সদস্যসচিব শামসুল আলম সেলিম, সংগঠনের সদস্য সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, নারীনেত্রী নাজনিন হোসেন, রাজনীতিবিদ রুহুল কুদ্দুস বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন।
Related News
ওসমানীনগরে শিশুর সর্বনাশ করার অভিযোগে বৃদ্ধ গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে চার বছর বয়সী এক শিশুকে ধর্ষণের মামলায় ৬০ বছর বয়সীRead More
বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩Read More



Comments are Closed