Main Menu

সিলেটে কালবৈশাখী ঝড়, গাছ পড়ে সড়কে বিঘ্ন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বৈশাখের দ্বিতীয় দিন সকালে সিলেটে কাল বৈশাখী ঝড় বয়ে গেছে । এতে নগরী ও আশ পাশ এলাকার বিভিন্ন স্থানে উপড়ে পড়েছে গাছপালা; ধসে পড়েছে কাঁচা ঘরবাড়িও। এছাড়াও ঝড়ের কারণে ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে।

সোমবার সকাল সোয়া ৮টা থেকে ৯টার মধ্যে এ ঝড় বয়ে যায়। ঝড়ে সিলেট-বিমানবন্দর সড়কের লাক্কাতুরা এলাকায় গাছ পড়ে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ঘন্টা দেড়েক পর গাছ সরানো হলে ফের যান চলাচল শুরু হয় বলে জানান স্থানীয়রা।

এদিকে সকালে রাস্তায় গাছ পরে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় বিপাকে পরেন বিমানবন্দরের যাত্রীরা।

এদিকে, ঝড়ে গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুরসহ বিভিন্ন এলাকায় শত শত কাঁচা ও টিনের ঘরবাড়ি ধসে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিক মনজুর আহমদ।

অপরদিকে ফেঞ্চুগঞ্জ উপজেলায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে পুরো উপজেলায় বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে।
সকালে হঠাৎ অন্ধকার করেই প্রচণ্ড বেগে ঝড়ো হাওয়ার সাথে বৃষ্টিপাত শুরু হয়। এতে উপজেলাজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অসংখ্য কাঁচা বাড়িঘর ভেঙ্গে পড়েছে। ভেঙ্গে পড়েছে অসংখ্য গাছপালা, দোকানপাট, পোল্ট্রি খামার, কাঁচা ও আধাপাকা ঘর। লণ্ডভণ্ড হয়ে গেছে গাছপালা। ফসলের ব্যাপক ক্ষতি হয়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফেঞ্চুগঞ্জ উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান জানান, তাৎক্ষণিকভাবে ফসলের ক্ষতির পরিমাণ জানা যায়নি। আমাদের লোকজন মাঠে গিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাবেন।

এদিকে ফেঞ্চুগঞ্জ উপজেলায় বিদ্যুতের বড় ধরনের ক্ষতি হয়েছে বলে জানান বিদ্যুৎ বিভাগের এজিএম মহিউদ্দিন। তিনি বলেন, এ পর্যন্ত পাঁচটি খুঁটি ও বিভিন্ন জায়গায় তার ছিঁড়ে গেছে। সব জায়গায় লোক পাঠানো সম্ভব হয়নি বলে বিদ্যুৎ ব্যবস্থা সচল করতে কিছুটা বিলম্ব হচ্ছে।

সিলেটের আবহাওয়া অফিস জানায়, সিলেটের উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে প্রায় ৭০ কিলোমিটার বেগে এ কালবৈশাখী ঝড় বয়ে যায়। এ ছাড়া সকাল সোয়া ৮টা থেকে ৯টার মধ্যে খুব অল্প সময়ে প্রায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মাহবুবুল আলম বলেন, সিলেটের বিভিন্ন স্থানে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রাণহানির কোনো ঘটনার খবর পাইনি। তারপরও সব উপজেলার প্রত্যন্ত অঞ্চলে খোঁজ-খবর নেওয়া হচ্ছে।

Share





Related News

Comments are Closed