কোম্পানীগঞ্জের দয়ারবাজার রাস্তার বেহাল দশা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সড়কের মধ্যে বড় বড় গর্ত। কোনো কোনো গর্ত ছোট পুকুরের মতো আকার ধারণ করে আছে বৃষ্টির পানিতে । এর মধ্যে গাড়ি চলে হেলে দুলে। রাস্তাজুড়ে খানাখন্দ। এসব গর্তে জমে থাকে পানি। ফলে যাত্রীবাহী যানবাহন চলছে ঝুঁকি নিয়ে। কাদা-পানিতে একাকার সড়কে চলতে যাত্রীদের ভোগান্তির শেষ নেই। রাস্তার বড় বড় গর্তে যাত্রীবাহী যান চলাচল তো দূরের কথা, মানুষের চলাচলও কষ্টদায়ক হয়ে উঠেছে।
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই ব্রিজ-কলাবড়ি-দয়ারবাজার সড়কের এমনই বেহাল অবস্থা।
কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ও উত্তর রণিখাই ইউনিয়নের ১০ সহস্রাধিক লোকের চলাচলের রাস্তা এটি। এ রাস্তা দিয়ে কলাবাড়ি উচ্চবিদ্যালয় এবং ভাটরাই উচ্চবিদ্যালয় ও কলেজসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও চলাচল করতে হয়। কিন্তু, গত কয়েক বছর ধরে রাস্তাটি সংস্কারবিহীন। এ কারণে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা গেছে, ধলাই ব্রিজ-কলাবাড়ি থেকে দয়ারবাজার পর্যন্ত রাস্তার দূরত্ব প্রায় চার কিলোমিটার। এ সড়কটি ২০০৭-০৮ অর্থবছরে নির্মাণ ও পাকাকরণ করা হয়। সড়কটি সংস্কারের জন্য সম্প্রতি একটি প্রকল্প ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবরে প্রেরণ করা হয়েছে। তবে, এখনো এ প্রকল্পের অনুমোদন মেলেনি।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমানে রাস্তাটি দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করছেন তারা। জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন ওই সড়ক দিয়ে শত শত ট্রাক-ট্রাক্টর এবং যাত্রীবাহী অটোরিকশা চলাচল করছে। রাস্তা দিয়ে লাশবাহী অ্যাম্বুলেন্সও চলাচল করতে পারে না বলে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান।
সরেজমিনে দেখা গেছে, ধলাই ব্রিজের পূর্ব পাশ থেকে দয়ারবাজার পর্যন্ত সড়কে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। দেখলে মনে হবে এক একটা জলাশয়। এসব গর্তে পড়ে প্রায়ই যানবাহনের চাকা বিকল হচ্ছে।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, ‘সড়কটির বেহাল দশায় খুব কষ্ট পাচ্ছি। কখন যে এ কষ্টের শেষ হবে কে জানে!’
অটোরিকশা চালক মাহমদ আলী জানান, ‘সামান্য বৃষ্টি হলেই গাড়ি চালানো কষ্টকর হয়ে পড়ে। অনেক সময় গাড়ি কাদা-পানিতে আটকে থাকে।’
এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে গত কিছুদিন আগে ব্যবসায়ীদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ১৩ এপ্রিল শনিবার রাস্তাটির বেহাল দশা দেখতে যান উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জি ও থানার ওসি (তদন্ত) জসিম উদ্দিন।
এসময় ইউএনও রাস্তার পাশে থাকা পাথর সরিয়ে নেয়ার জন্য পাথরের মালিকদের ৩ দিনের আল্টিমেটাম দেন। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
ইউএনও ধলাই সেতু থেকে দয়ারবাজার রাস্তার বেহালদশা পরিদর্শন শেষে এলাকার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত সমাবেশে মিলিত হন। কলাবাড়ি উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ব্যবসায়ী মোঃ তারা মিয়ার সভাপতিত্বে সভার প্রধান আলোচক হিসেবে ইউএনও বিজেন ব্যানার্জী বলেন, এ ব্যাপারে এলাকাবাসীকে আরো বেশি সচেতন হতে হবে। তিনি আগামী তিনদিনের মধ্যে রাস্তার সকল প্রতিবন্ধকতা বিশেষ করে রাস্তা জুড়ে রাখা পাথরের স্তূপ অপসারণ করতে সংশ্লিষ্টদের তাগিদ দেন। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেন। তিনি বলেন, রাস্তার সীমানা চিহ্নিতকরণের কাজ শিগগিরই শুরু হবে। ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও প্রশাসনের সম্মিলিত আলোচনার প্রেক্ষিতে রাস্তার সংস্কার কাজ শুরু করা হবে বলে জানান তিনি।
কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি ও পূর্ব ধলাই স্টোন সাপ্লায়ার্স ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ মঈন উদ্দিন মিলনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন-বিশিষ্ট মুরুব্বি মাহমুদ আলী মেম্বার, ইউপি চেয়ারম্যান বাবুল মিয়া, ওসি (তদন্ত) জসীমউদ্দিন, ইউপি সদস্য আরাফাত আলী, ডাঃ রফিক চৌধুরী, ইয়াকুব আলী, মোঃ রিয়াজ উদ্দিন, আমিনুল হক, শাহাব উদ্দিন, বশির আহমদ, খোকন রঞ্জন দে, ফারুকুজ্জান রানা প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক জয়নাল আবেদীন, মোঃ বুরহান উদ্দিন, মাস্টার শৈলেন চন্দ্র, মাস্টার আব্দুল হাসিম, ব্যবসায়ী জৈন উদ্দিন, আলীম উদ্দিন, রজন মিয়া, তারা মিয়া, মাওলানা সুলতান, ফারুক আহমদ, মাসুক মিয়া, হাজী রইছ উদ্দিন, ওয়াহিদুজ্জামান লায়েক প্রমুখ।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed