Main Menu

সিলেটে বিএনপি নেতার দোকানে হামলা ভাংচুর

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজারের সুপরিচিত মেসার্স তারু মিয়া স্টোরে হামলার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

কোতয়ালী থানার ওসি সেলিম মিয়া জানান, এ ঘটনায় সংশ্লিষ্টদের থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। এ দোকানের স্বত্ত্বাধিকারী হচ্ছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও তার ভাই।

দোকান মালিক সামসুজ্জামান শওকত জানান, হামলার সময় দোকানের ফ্রিজসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয়েছে। এতে প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

এদিকে, সিলেট নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার পয়েন্টে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মহানগর বিএনপি নেতৃবৃন্দ। অবিলম্বে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর প্রতি জোর দাবী জানান তারা।

শুক্রবার এক বিবৃতিতে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত্ চৌধুরী সাদেক বলেন, ‘নগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বর্তমানে ব্যক্তিগত সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। কিন্তু শুক্রবার রাতে সরকার দলীয় কতিপয় সন্ত্রাসী তাদের আভ্যন্তরীণ সংঘর্ষের জের ধরে জিন্দাবাজারে অবস্থিত বদরুজ্জামান সেলিমের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এতে দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সরকার দলীয় সন্ত্রাসীরা নিজেরা মারামারি করবে আবার বিরোধী রাজনৈতিক দলের একজন শীর্ষ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালাবে তা কোনভাবে মেনে নেয়া যায় না।’

সিলেট মহানগর বিএনপির দফতর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত সকল চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দাবী জানান। একই সাথে ব্যবসা প্রতিষ্ঠানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান তারা।

Share





Related News

Comments are Closed