সিলেটে বিএনপির তোপের মুখে মোকাব্বির খান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে এনজিও সংস্থা আইডিয়া’র একটি অনুষ্টানে এসে বিএনপি নেতৃবৃন্দের তোপের মুখে পড়েন সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) তিনি সিলেট জেলা পরিষদে একটি অনুষ্ঠানে যোগ দিতে যান। সেখানে গিয়ে দল ও জাতীয় ঐক্যফ্রন্টের সিদ্ধান্ত অমান্য করে শপথ নেয়ায় বিএনপি ও মহিলা দলের নেতৃবৃন্দের রোষানলে পড়েন মোকাব্বির খান। পরে অপমানিত ও লাঞ্ছিত হয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে বাধ্য হন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট জেলা পরিষদে বেলা ১১টায় আইডিয়া নামক একটি এনজিও সংস্থার উদ্যোগে ‘ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেইনসহ বিশিষ্ট রাজনীতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান চলাকালে হঠাৎ করে গণফোরামের প্রেসিডিয়াম সদস্য সাংসদ মোকাব্বির খান সেখানে উপস্থিত হন। তখনই উপস্থিত অতিথিদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। বিএনপি নেতারা তখন আইডিয়া কর্তৃপক্ষকে ডেকে আনেন এবং মোকাব্বির খানকে অনুষ্ঠান থেকে বের করে দেয়ার অনুরোধ জানান। এ অনুরোধে আইডিয়া কর্তৃপক্ষ মোকাব্বির খানকে হল থেকে বের করে দেন। এ সময় মহিলা দলের নেতারা তাকে অপমান করেন।
এ ব্যাপারে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, ‘কোনো বেইমানের সঙ্গে আমরা অতিথি হতে পারি না। বেইমানের কোনো ধর্ম নেই, সমাজ নেই। বেঈমান শুধু বেইমান-ই। তাই মোকাব্বির খানকে অনুষ্ঠান থেকে বের করে দেয়া হয়েছে।’
উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে উদীয়মান সূর্য প্রতীক নিয়ে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন গণফোরাম নেতা মোকাব্বির খান। কারচুপির কারণে নির্বাচন অবৈধ উল্লেখ করে ঐক্যফ্রন্টের নেতারা সংসদে শপথ না নেয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু সিলেট-২ আসন থেকে উদীয়মান সূর্য প্রতীকে জয় পাওয়ায় গণফোরাম নেতা মোকাব্বির খান গত ২ এপ্রিল দুপুর ১২টায় জাতীয় সংসদ ভবনে শপথ নেন। তাঁকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরপর থেকে আলোচিত ও সমালোচিত হতে থাকেন মোকাব্বির খান। ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতারা তাকে বেইমান বলে আখ্যায়িত করেন।
Related News
সিলেটে জিন্দাবাজার ও হকার্স মার্কেটে আগুন, ২টি দোকান পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে একইদিনে দুটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে লালদিঘিরপড়ে দুটি দোকান পুড়েRead More
ইমাম সমিতি সিলেট জেলার সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,Read More



Comments are Closed