Main Menu

মুন্সীগঞ্জে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক : পরীক্ষায় অংশ নিতে বাড়ি থেকে স্কুলে যাচ্ছিল আছিয়া। কিন্তু পরীক্ষায় অংশ নেয়া হয়নি তার। স্কুলে যাওয়ার পথে ট্রাক চাপায় নিহত হয় সে। সোমবার সকালে লৌহজং-নওপাড়া সড়কের নওপাড়া বাজারের সামনে বেইলি ব্রিজের ওপর ইট বোঝাই ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হয় সে।

নিহত আছিয়া ছৈয়াল (১৬) মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার নওপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী এবং উপজেলার নওপাড়া গ্রামের আলমঙ্গীর ছৈয়ালের মেয়ে।

নওপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ডা. মেসলেম খান মন্টু জানান, সোমবার বেলা ১১টায় স্কুলের প্রথম সাময়িক পরীক্ষা দিতে আছিয়া বাড়ি থেকে স্কুলে যাচ্ছিলো। পথে একটি ট্রাক আছিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয় সে। পরে সড়ক দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্কুলের শিক্ষার্থীসহ এলাকাবাসী জড়ো হয়ে ঘাতক ট্রাকচালক দ্বীন ইসলামসহ ট্রাকটি আটক করে।

জানা যায়, ঘাতক ট্রাকটি ইট নিয়ে কুচিমোড়া থেকে লৌহজংয়ের আটিগাঁও এলাকায় যাচ্ছিল।

এদিকে স্কুলছাত্রী আছিয়ার মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়লে স্কুলের শিক্ষাথীসহ এলাকাবাসী লৌহজং-নওপাড়া সড়ক অবরোধ করে ও অভিযুক্ত চালকের বিচার দাবিতে মানববন্ধন করে। এসময় তারা সড়কে সকল প্রকার গাড়ি চলাচল বন্ধ করে দেয়।

সংবাদ পেয়ে লৌহজং থানার পুলিশ ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ঘাতক ট্রাক চালকের বিচারের আশ্বাস দিলে তারা সড়ক থেকে অবরোধ উঠিয়ে নেয়।

এদিকে এলাকাবাসীর হাতে আটকের পর অভিযুক্ত ট্রাক চালককে থানায় সোপর্দ করা হয়। পাশাপাশি ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

এ বিষয়ে লৌহজং থানার ওসি মনির হোসেন জানান, ট্রাকের চালক ও মালিক দ্বীন ইসলামকে (৪১) থানা হাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, গত বছর একই ব্রিজের ওপর একটি আলু বোঝাই ট্রাকের চাপায় নিহত হয় আছিয়ার দাদি।

Share





Related News

Comments are Closed