Main Menu

শাল্লায় শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টায় যুবক গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলার ১নং আটগাঁও ইউনিয়নের আটগাঁও গ্রামের চতুর্থ শ্রেণির এক মাদরাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সাগর মিয়া (২২) নামের এক যুবককে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। আটক সাগর একই গ্রামের ধন মিয়ার ছেলে।

মাদরাসা শিক্ষার্থীর পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় জোরপূর্বক তুলে নিয়ে ওই শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করে সাগর। স্থানীয়রা বিষয়টি বুঝতে পারলে সাগর পালিয়ে যেতে সক্ষম হয়। এই ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে শাল্লা থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা শাল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম বলেন, ‘ঘটনায় শাল্লা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) ধারায় একটি মামলা হয়েছে। যার অভিযুক্ত সাগর মিয়াকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মেয়েটিকে ধর্ষনের চেষ্টার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।’

Share





Related News

Comments are Closed