বঙ্গবন্ধু টানেলের খননকাজের উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক : উন্নত দেশের মত বাংলাদেশও অচিরেই প্রবেশ করবে টানেলের যুগে। দেশে এই প্রথম তৈরি হচ্ছে যাতায়াতের জন্য ভূগর্ভস্থ টানেল। দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম টানেল হচ্ছে চট্টগ্রামে। কর্ণফুলী নদীর তলদেশে এটি নির্মাণ করা হচ্ছে।
রোববার বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রকল্পের উদ্বোধন করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এই টানেলের নামকরণ করা হয়েছে।
একই সঙ্গে প্রধানমন্ত্রী চট্টগ্রামের লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজেরও উদ্বোধন করেন। এর আগে বেলা ১১টার দিকে চট্টগ্রামে এসে পৌঁছান প্রধানমন্ত্রী।
টানেল সাইটে নদীর প্রস্থ ৭০০ মিটার এবং পানির গভীরতা ৯-১১ মিটার। প্রস্তাবিত টানেলের দৈর্ঘ্য তিন হাজার ৪০০ মিটার। ২০১৫ সালের ২৪ নভেম্বর টানেল নির্মাণে চীনের সঙ্গে চুক্তি সই হয়।
৯ হাজার ৮৮০ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে টানেল। যার মধ্যে বাংলাদেশ সরকারের অর্থ সহায়তা ৩ হাজার ৯৬৭ কোটি ২১ লাখ টাকা এবং চীন সরকারের অর্থ সহায়তা ৫ হাজার ৯১৩ কোটি ১৯ লাখ টাকা।
চট্টগ্রাম মহানগরীর এবং মডেল শহর দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কে সংযুক্তির উদ্দেশ্যে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে নির্মাণ করা হচ্ছে তরূণ প্রজন্মের স্বপ্নের টানেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। টানেলটি চট্টগ্রামের আনোয়ারা উপজেলাকে শহরাঞ্চলের সঙ্গে যুক্ত করবে।
প্রকল্পটির সার্বিক অগ্রগতি শতকরা ৩২ ভাগ এবং ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকা থেকে চট্টগ্রাম শহরকে বাইপাস করে সরাসরি কক্সবাজারের সঙ্গে সহজ যোগাযোগ স্থাপিত হবে। এতে চট্টগ্রাম শহরের যানজট কমাসহ যাতায়াতের সময় অনেকাংশে কমে যাবে।
চট্টগ্রামের বৃহৎ এই দুটি প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, গণপূর্তমন্ত্রী শ. ম রেজাউল করিম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম, সাবেক গণপূর্ত মন্ত্রী ও সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ চট্টগ্রামের বিভিন্ন সংসদীয় আসনের সংসদ সদস্য, চট্টগ্রাম মহানগরী, উত্তর জেলা, দক্ষিণ জেলার আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed