Main Menu

কিশোরগঞ্জে কলেজছাত্রী হত্যায় ২ জনের মৃত্যুদণ্ড

বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জে দুই কলেজছাত্রীকে অপহরণ, ধর্ষণ ও হত্যা মামলায় পুলিশ সদস্যসহ ২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া একই সঙ্গে মামলার অন্য ৬ আসামিকে ৪ বছর করে কারাদণ্ড দেন আদালত।

রোববার বিকেল ৩টার দিকে কিশোরগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক কিরণ শংকর হালদার এ রায় দেন।

এসময় মামলার ৮ আসামির মধ্যে ৩জন আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- পুলিশ সদস্য নেত্রকোনা জেলার পূর্বধলার হাটবারেঙ্গা গ্রামের আব্দুস সোবহানের ছেলে মনিরুজ্জামান হলুদ ও ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কাউখিড়া আমিরাবাদ গ্রামের ফজলে আলী হাওলাদারের ছেলে শামীম হাওলাদার জহির। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামিই পলাতক রয়েছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০৮ সালের ১৬ জুলাই কিশোরগঞ্জে কর্মরত থাকাকালীন পুলিশ সদস্য মনিরুজ্জামান হলুদ ও তার বন্ধু শামীম শহরের সাবেক শিক্ষক আবু বাক্কারের মেয়ে কলেজছাত্রী আফরোজা আক্তার সুমি ও আইনজীবী নুর উন নবীর মেয়ে আফরোজা আক্তার ঊর্মিকে ফুসলিয়ে অপহরন করে ঢাকা নিয়ে যায়। পরে রাজধানী কারওয়ান বাজারের হোটেল ওয়েস্টার্ন গার্ডেনে নিয়ে তাদের শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর না দিয়ে লাশ তেজগাঁও এলাকায় ফেলে দেয়। পরে পুলিশ অজ্ঞাতনামা হিসেবে নিহত ২ কলেজছাত্রীর লাশ উদ্ধার করে।

ঘটনার ২ মাস ৪দিন পর নিহত সুমির বাবা বাদী হয়ে অজ্ঞাত আসামিদের নামে কিশোরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা করেন। এরপর পুলিশ তদন্ত করে আসামিদের চিহ্নিত করে গ্রেফতার করে। প্রধান ২ আসামিসহ ৩ জন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দেয়।

এরপর দীর্ঘ তদন্ত শেষে জেলা ডিবি পুলিশের পরিদর্শক আমজাদ হোসেন মোট ৮ জনের বিরুদ্ধে ২০০৯ সালের ১৪ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মূল আসামিদের সর্বোচ্চ শাস্তি হওয়ায় মামলার বাদী এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

Share





Related News

Comments are Closed