Main Menu

ভারতে আলোচিত নাগরিকত্ব বিল বাতিল

আন্তর্জাতিক ডেস্ক: সর্বশেষ নাগরিকত্ব সংশোধন বিল বাতিল হয়ে গেল। ভারতীয় সংসদের শীতকালীন অধিবেশনের শেষ দিনে নাগরিকত্ব বিল উত্থাপনই করা যায়নি। বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের অমুসলিম নাগরিকদের ভারতীয় নাগরিকত্ব দিতে বিলটি শাসক দল আনতে চেয়েছিল।

এর আগে বিলটি লোকসভায় পাস করা হয়েছে কিন্তু বিরোধীদের তীব্র বিরোধিতায় বিলটি রাজ্যসভায় উত্থাপনই করা গেল না।

অবশ্য লোকসভা ভোটের পর শাসক দল চাইলে এই বিল আবারও নতুনভাবে সংসদে আনতে পারবে। তবে বিলটি আবারও দুই কক্ষেই পাস করাতে হবে।

একইভাবে মুসলিমদের ধর্মীয় আইন ‘তিন তালাক’ বন্ধ করতে প্রস্তাবিত বিলটিও রাজ্যসভায় বিবেচনার জন্য পেশ করা হয়নি।

এর আগে নাগরিকত্ব বিলের মতো ‘তিন তালাক’ বিলটিও লোকসভায় পাস করানো হয়েছিল। লোকসভার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বিলটিও আইনে পরিণত করতে গেলে নতুন সরকারকে তা নতুনভাবে আনতে হবে।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) রাজ্যসভায় রাফাল যুদ্ধবিমান কেনাবেচা সংক্রান্ত সরকারি অডিট রিপোর্ট পেশ করা হয়।

ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (সিএজি) তৈরি করা এই প্রতিবেদন অধিবেশনের শেষ দিনে পেশ হওয়ায় তা নিয়ে আলোচনার কোনো অবকাশ রইল না। সিএজি রিপোর্টে বলা হয়েছে, কংগ্রেস আমলের খসড়া চুক্তির তুলনায় বিজেপি শাসনের এই চুক্তি ২ দশমিক ৮৬ শতাংশ সস্তা।

বুধবার বিকেলে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী দলীয় দপ্তরে সংবাদ সম্মেলনে বলেন, সিএজি প্রতিবেদনে তথ্য গোপনের বহু চেষ্টা করেছে। কিন্তু তা সত্ত্বেও ওই প্রতিবেদন প্রমাণ করছে, সংসদে প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রী অসত্য বলেছেন।

উল্লেখ্য, নাগরিকত্ব বিলকে কেন্দ্র করে ভারতের সমগ্র উত্তর-পূর্বাঞ্চল অগ্নিগর্ভ। মঙ্গলবার উত্তর-পূর্বাঞ্চলীয় বিভিন্ন রাজ্যে বিল-বিরোধী আন্দোলন তীব্র আকার নেয়। আসামসহ প্রতিটি রাজ্যে বিজেপির শরিকেরা এই বিলের বিরোধিতা করেছে।

Share





Related News

Comments are Closed