Main Menu

শাবিপ্রবির ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশের প্রথম ও বৃহত্তম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের ‘শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)’ এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ বুধবার।

সিলেট শহরের ৫ কিলোমিটার দূরে আখালিয়ায় ৩২০ একর ভূমিতে ১৯৯১ সালের ১৩ ফেব্রুয়ারি (১লা ফাল্গুন) মাত্র ৩টি বিভাগ, ১৩ জন শিক্ষক ও ২০৫ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছিল দেশের অন্যতম এই সেরা বিশ্ববিদ্যালয়টি।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীনে ২৮টি বিভাগ ও ২টি ইন্সটিটিউট রয়েছে। যেখানে ১০ হাজারের অধিক শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ১১টি কলেজ রয়েছে।

শাবিপ্রবি দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ডিজিটাল পদ্ধতিতে ভর্তি কার্যক্রম ও পুরো ক্যাম্পাসে ওয়াইফাই নেটওয়ার্কসহ আরো বেশ কিছু ক্ষেত্রে সফলতা রয়েছে। বিভিন্ন সময় শাবিপ্রবি দেশের সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে তালিকা ভুক্ত হয়েছে এবং গবেষণা ক্ষেত্রে অর্জন করেছে দেশীয় ও আন্তর্জাতিক পুরস্কার।

স্বল্প এই সময়ে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের চেয়ে অর্জনের পাল্লাটা একটু বেশিই রয়েছে এই শিক্ষাপ্রতিষ্ঠানটির।
প্রথমবারের মতো বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার পদ্ধতি চালু করা, প্রথমবারের মতো এসএমএসের মাধ্যমে ভর্তি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করা, বাংলাদেশের প্রথম বাংলা সার্চ ইঞ্জিন পিপীলিকা তৈরি করা,দেশীয় প্রযুক্তির ট্র্যাকিং ডিভাইস তৈরি,দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য বাংলা ভাষার প্রথম সফটওয়্যার ‘মঙ্গল দ্বীপ’ উদ্ভাবন, প্রথমবারের মতো দেশে চালকবিহীন বিমান ড্রোন আবিষ্কার, কৃত্রিম বুদ্ধিমত্তার সম্পন্ন একুশে বাংলা কীবোর্ড, প্রথম কথা বলা রোবট (রিবো), ক্যান্সার নির্ণয়ের নতুন পদ্ধতি উদ্ভাবন, বাংলাদেশের প্রথম পুরো ক্যাম্পাসে হাইস্পিড ওয়াইফাই চালু করা, ফুড ইঞ্জিনিয়ারিং-ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন এন্ড ইঞ্জিনিয়ারিং এবং পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং এর মতো বিভাগগুলো দেশে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ে চালু করা, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সেকেন্ড মেজর কোর্স নেবার সুবিধাসহ অনেক কিছুর দাবী করার মতো অর্জন রয়েছে এই প্রতিষ্ঠানটির।

এছাড়াও বিজ্ঞান গবেষণায় কৃতিত্ব অর্জন স্বরূপ স্পেনের সিমাগো রিসার্চ গ্রুপ ও যুক্তরাষ্ট্রের স্কপাস থেকে প্রকাশিত দেশের ১০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে শীর্ষস্থান অর্জন, গবেষণার মাধ্যমে ক্যান্সার সনাক্তকরণ পদ্ধতি আবিষ্কার,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইআইসিটি) খাতে বিশেষ অবদানের প্রথমবারের মতো ডিজিটাল ওয়ার্ল্ড পুরষ্কার-২০১৭’ অর্জনসহ দেশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে অনেক ক্ষেত্রেই বিশেষ অবদান রাখছে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আজ ২৮ বছর পেরিয়ে ২৯ বছরে পদার্পণ করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। ২৮তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কর্মসূচিগুলোর মধ্যে সকাল সাড়ে ৯টায় প্রশাসনিক ভবন-২ এর সামনে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন, ৯টা ৪০ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকলের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা এবং সাড়ে ১০টায় কেক কাটার আয়োজন করা হয়েছে।

Share





Related News

Comments are Closed