Main Menu

রাজধানীতে বাস চাপায় নারীসহ নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর বারিধারায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে চায়ের দোকানে উঠে চাপা দিলে দোকানদার ও একজন নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে। আবার মালিবাগের মৌচাক এলাকায় বাসের ধাক্কায় অজ্ঞাতনামা এক নারীর প্রাণ ঝরেছে।

মঙ্গলবার ভোর রাতে বারিধারা ‘জে’ ব্লকের কোকাকোলা মোড়ে বাস চাপায় দুজনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- নৈশ প্রহরী কবির হোসেন (৪৫) এবং চা দোকানি শাহীন (৪২)। কবিরের বাড়ি বাগেরহাটে আর শাহিনের বাড়ি পিরোজপুরে।

ভাটারা থানার পরিদর্শক (অপারেশন) শিহাব উদ্দিন জানান, পালকি এন্টারপ্রাইজের দেওয়ান পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেলে ঘটনাস্থলেই ওই দুইজনের মৃত্যু হয়।

নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছেন বলে জানান শিহাব।

এদিকে, ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর মালিবাগ-মৌচাক এলাকায় অপর একটি বাস চাপায় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান, এক ব্যক্তি সকালে আহত ওই নারীকে হাসপাতালে নিয়ে আসেন। চল্লিশোর্ধ ওই নারী কিছুক্ষণ পরই মারা যান।

এসআই বলেন, যে ব্যক্তি ওই নারীকে হাসপাতালে নিয়ে এসেছিলেন, তিনি সড়ক দুর্ঘটনার কথা বলেছেন। ওই নারীর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

Share





Related News

Comments are Closed