Main Menu

জাবিতে মাদক সেবনকালে ১০ শিক্ষার্থী আটক

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মাদক সেবনকালে বহিরাগত সহ ১০ জন শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জানুয়ারী) দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের পিছনের বারান্দায় তারা মাদক সেবন করছিলো। এ সময় চিকিৎসা কেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক জানতে পেরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে বিষয়টি অবহিত করেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রক্টর গিয়ে তাদেরকে আটক করে এবং বহিরাগতদেরকে নিরাপত্তা শাখায় হস্তান্তর করে।

আটককৃতদের মধ্য পাঁচজন বহিরাগত শিক্ষার্থী আর বাকি পাঁচজন জাবির শিক্ষার্থী বলে জানা যায়। বহিরাগতরা হলেন- গুলশান কমার্স কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাজিফা তাবাস্সুম, স্কলার্স ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের নাফিজ আদনান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলের আদনান শাহেদ, মানিকগঞ্জের দেবেন্দ্র কলেজের আরমিনা আক্তার এবং আমরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান বিভাগের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী জিসান আহমেদ উষ্ণ।

এছাড়া জাবির পাঁচ শিক্ষার্থী হলেন একাউন্টিং এন্ড ইনফরমেটিক্স বিভাগের সামিহা ইসলাম, রোজেন নূর, নোমান এবং ফিনান্স এন্ড ব্যাংকিং বিভাগের রাকিব নিহাল এবং নারমিন সুলতানা উপমা। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী।

আটককৃত শিক্ষার্থীদের কাছে থেকে গাঁজা, মদ ও ইয়াবা খাওয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন বলেন, ‘আমরা মাদক সেবনরত অবস্থায় কয়েকজন শিক্ষার্থীকে আটক করি পরবর্তীতে তাদেরকে তল্লাশি করে মদ গাঁজাসহ মাদকসেবনের বিভিন্ন দ্রব্য উদ্ধার করি। আমরা বহিরাগতদের কে পুলিশের কাছে হস্তান্তর করবো। আর ক্যাম্পাসের শিক্ষার্থীদের ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নিবে।’

তিনি আরো বলেন, ‘বহিরাগতরা এসে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সহায়তায় নিয়মিত মাদকের আসর বসায়। আমরা তাদেরকে আটক করলে আবার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছ থেকে সুপারিশ আসে যেটা দুঃখজনক।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ফিরোজ-উল-হাসান বলেন, ‘চিকিৎসা কেন্দ্র থেকে তথ্য পেয়ে আমরা গিয়ে তাদেরকে আটক করি। বহিরাগতদেরকে নিরাপত্তা শাখায় দিয়েছি আর বাকিদের ব্যাপারে বিস্তারিত জেনে সিদ্ধান্ত নিবো।’

Share





Related News

Comments are Closed