Main Menu

মাধবপুরে এসিডে ঝলসে গেছে দু’বোনের মুখ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের মাধবপুরে দুর্বৃত্তের ছোড়া এসিডে ঝলসে গেছে দু-বোনের শরীর। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে ঘরের গ্রিল ভেঙ্গে ঘুমন্ত দু-বোনের উপর অজ্ঞাত দুর্বৃত্তরা এসিড ছুড়ে মারে।

হাসপাতাল ও পারিবারিক সুত্রে জানা যায়, উপজেলার বাঘাসুরা গ্রামের এখলাছ মিয়ার কলেজ পড়ুয়া হাবিবা আক্তার প্রতিদিনের ন্যায় রাতে খাবার শেষে তাদের কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে কে বা কারা ঘরের গ্রিল ভেঙ্গে তাদের উপর এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। দুর্বৃত্তের ছোড়া এসিডে হাবিবা আক্তার (২০) এর সমস্ত মুখ ঝলসে যায়।

এ সময় হাবিবার পাশে ঘুমিয়ে থাকা তার ছোট বোন স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী আয়েশা আক্তারের (১০) গায়ে দুর্বৃত্তের ছোড়া এসিড পড়লে তার হাতও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। তাদের শোর-চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাৎক্ষনিকভাবে পরিবারের লোকজন দু-বোনকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. সাইফুর রহমান সোহাগ তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

জরুরী বিভাগে কর্মরত ডা. সাইফুর রহমান জানান, দু-বোনই এসিডে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বড় বোন হাবিবা আক্তারের মুখের প্রায় ৭০ শতাংশ ঝলসে গেছে। তার অবস্থা আশংকাজনক। এছাড়াও ছোট বোন আয়েশার শরীরের বিভিন্নস্থানে এসিড পড়েছে। দু-জনকেই উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করা হয়েছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী জানান, বিষয়টি শোনে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। দুর্বৃত্তদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।

Share





Related News

Comments are Closed