Main Menu

বিশ্বনাথ থানায় প্রেমিক যুগলের বিয়ে, তোলপাড়

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ থানায় বিয়ে সম্পন্ন হয়েছে এক প্রেমিকযুগলের। থানায় বসেই কাজীর সামনে ‘কবুল’ বলে বিয়ের পিঁড়িতে বসেন তারা। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।

পুলিশ ও দুই পরিবারের মধ্যস্থতায় বিয়ের দেনমোহর নির্ধারণ করা হয়েছে সাড়ে ৪ লাখ টাকা। থানায় প্রেমিকযুগলের বিয়ে নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের পাঠাকইন গ্রামের মোবারক আলীর মেয়ে ফেরদৌসি আক্তার কল্পনার সাথে একই উপজেলার লামাকাজি ইউনিয়নের ইসবপুর গ্রামের আসাবর আলীর ছেলে আলী হোসেনের প্রেমের সম্পর্ক ছিল।

কয়েক বছর আগে পরিবারের উদ্যোগে কল্পনাকে অন্যত্র বিয়ে দেয়া হয়। ইতোমধ্যে দুই সন্তানের জননীও হন কল্পনা। স্বামীর সংসার করলেও আলী হোসেনের সাথে সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন তিনি। এনিয়ে সম্প্রতি স্বামীর সাথে ছাড়াছাড়িও হয়ে যায় কল্পনার।

এদিকে বুধবার রাতে কল্পনার ভাই গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামী দুলালকে (২৪) গ্রেফতার করতে পুলিশ তাদের বাড়িতে যায়। এসময় কল্পনার ঘরে তার কথিত প্রেমিক আলী হোসেনকে পেয়ে থানায় ধরে নিয়ে আসে পুলিশ।

বৃহস্পতিবার উভয় পক্ষের লোকজনের মধ্যস্থতায় থানার ভেতরেই সাড়ে ৪ লাখ টাকা দেনমোহরানা সাব্যস্ত করে কাজী ডেকে প্রেমিক যুগলের বিয়ে দেয়া হয়। এসময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিয়ের সত্যতা নিশ্চিত করে স্থানীয় জনপ্রতিনিধি জামাল মিয়া বলেন, উভয় পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে দেয়া হয়েছে।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা পিপিএম জানান, ওয়ারেন্ট তামিল করতে গিয়ে কল্পনার ঘর থেকে কথিত প্রেমিক আলী হোসেনকে আটক করা হয়। পরে থানায় উভয় পরিবারের মধ্যস্থতায় বিয়ে হয়েছে।

Share





Related News

Comments are Closed