Main Menu

কোম্পানীগঞ্জে পাথরের গর্ত ধসে ২ শ্রমিক নিহত

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় পাথরের গর্ত ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। সোমবার বিকাল ৩টার দিকে চিকাডহর গ্রামের রহিম গংদের গর্তে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ঝুঁকিপূর্ণভাবে পাথরের গর্ত থেকে পাথর উত্তোলন করছিলেন শ্রমিকরা। এসময় হঠাৎ গর্ত ধসে দুই শ্রমিক চাপা পড়ে মারা যান।

নিহতরা হলেন- দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার আনুয়ার হোসেনের ছেলে সোনা মিয়া (২৫) ও ওয়াজিদ আলির ছেলে নুরুল হক (৩০)।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধারের চেষ্টা চলছে।

সিলেটের বিভিন্ন কোয়ারীতে দীর্ঘদিন ধরেই চলছে অবৈধভাবে পাথর উত্তোলন। আদালত ও খনিজ সম্পদ মন্ত্রণায়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করেই অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে পাথর উত্তোলন করছে। টিলা ও নদীতে ঝুঁকিপূর্ণভাবে গর্ত খুঁড়ে পাথর উত্তোলন করা হয়। ফলে প্রয়ায়ই গর্ত ধসে মারা যায় শ্রমিক। গত একবছরে সিলেটের বিভিন্ন কোয়ারিতে গর্ত ধসে মারা গেছেন ৫৪ জন শ্রমিক। এরমধ্যে শাহ আরেফিন টিলা ধসেই মারা যান অন্তত ২০ জন। সর্বশেষ সোমবার মারা যান দুই জন।

Share





Related News

Comments are Closed