Main Menu

সায়েম হত্যার নিন্দা ও বিচার দাবি সিলেট বিএনপি’র

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আজিজপুর বিদ্যালয় কেন্দ্রে ভোট জালিয়াতি প্রতিরোধের সময় পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেল নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা এবং গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম ও সাধারণ সম্পাদক আলী আহমদ এ নিন্দা জানান। তারা বলেন,ভোট জালিয়াতি প্রতিরোধের সময় পুলিশ ও সরকারি দলের ক্যাডারদের গুলিতে সায়েম নিহত হয়েছে। আমরা এ জঘন্য ও বর্বর হামলার তীব্র নিন্দা জানাই। তারা অবিলম্বে এ নির্বাচন বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবি জানান এবং এ হত্যাকান্ডের বিচার দাবি করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ শোক প্রকাশ করে নিহত সায়েমের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে পৃথক বিবৃতিতে বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেল নিহত হওয়ায় তীব্র নিন্দা জানিয়ে নিহতের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সিলেট-৩ আসনে বিএনপির প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব শফি আহমদ চৌধুরী এবং বালাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা জায়গীরদার ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব।

সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের শোক

বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুহেল আহমদ সায়েমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ।
সোমবার এক বার্তায় সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী এহসান নিহত সায়েমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বার্তায় নেতৃবৃন্দ বলেন- ৩০ ডিসেম্বর পুলিশের সদস্যরা সুহেল আহমদ সায়েমকে গুলি করে হত্যা করে। পুলিশ তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে ছাত্রদল নেতাকর্মীদের উপর নির্যাতন চালাচ্ছে। নির্বিচারে গুলি করে হত্যা করছে। নেতৃবৃন্দ তাদের এহেন অগনতান্ত্রিক কার্যকলাপ বন্ধ করতে পুলিশের প্রতি জোর আহবান জানান।

নিহত সায়েমের নামাযে জানাযা মঙ্গলবার বালাগঞ্জের পশ্চিম গৌরীপুর ইউনিয়নের নলজুর গ্রামের দক্ষিণের মাঠে অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, গত রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে বালাগঞ্জ উপজেলার আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গুলিবিদ্ধ হয়ে মারা যান ছাত্রদল নেতা সায়েম আহমদ সুহেল। বিজ্ঞপ্তি।

Share





Related News

Comments are Closed