সিলেটে আ’লীগ-বিএনপি সংঘর্ষ, ভাংচুর ও পুলিশের গুলি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় শাহজালাল জামেয়া কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় মোটর সাইকেলে আগুন ও নির্বাচনী কার্যালয়ে ভাংচুরের ঘটনা ঘটেছে।
রোববার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই কেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক স্থগিত রয়েছে।
জানা যায়, দুপুরের দিকে প্রথমে আওয়ামী লীগ সমর্থকরা বিএনপির নির্বাচনী বুথ ভাংচুর করে। এর কিছুসময় পরে বিএনপি সমর্থকরা এসে আওয়ামী লীগের নির্বাচনী বুথে হামলা ও ভাংচুর চালায়। পরে বেশ কিছু সময় দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এছাড়া দুপক্ষের ইটপাটকেল নিক্ষেপে জামেয়ার ভবনের গ্লাস ভেঙে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।এসময় একটি মোটর সাইকেলে আগুন দেয়া হয়।
খবর পেয়ে বিজিবি, সেনাবাহিনী ও র্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা প্রশান্ত কুমার শীল। তিনি বলেন- এ ঘটনায় ভোট গ্রহণ আপাতত বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ভোটগ্রহণ শুরু হবে।
বেলা ২টায় র্যাব-৯ এর সিনিয়র এএসপি মাইনউদ্দিন চৌধুরী বলেন, এ ঘটনার পর ওই কেন্দ্রে র্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ভোট গ্রহণ চলছে।
এদিকে, নগরীর আখালিয়া এলাকার বীরেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কিছু যুবক দখলের চেষ্টা করলে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে তাদের প্রতিহত করে। রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, বীরেশচন্দ্র কেন্দ্রের আওয়ামী লীগের কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। এরপর সেখানে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ বেধে যায়।
এ ঘটনার পর ওই কেণ্দ্রের ভোটগ্রহণ বন্ধ রয়েছে। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার দেবাশীষ ভট্টাচার্য জানান, পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ভোটগ্রহণ শুরু হবে।
অপর দিকে, সিলেট-৪ আসনের জৈন্তাপুর উপজেলার দুটি কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
রোববার (৩০ ডিসেম্বর) বেলা ১২টার দিকে দুর্বৃত্তরা ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যায়।
জানা যায়, ডৌবাড়ি কামাইকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নামদুংকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২টার দিকে ভোটকেন্দ্রে ঢুকে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জৈন্তাপুরের এসিল্যান্ড আশিকুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাঠানো হয়েছে।
এর আগে সকাল ১০টার দিকে উপজেলার করের বাজারের পাঁচপাড়া মাদ্রাসা কেন্দ্রে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ কেন্দ্রে ভোটগ্রহণ স্বাভাবিকভাবেই চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে কে বা কারা এসে ককটেল বিস্ফোরণ করে পালিয়ে যায়। এ সময় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়। তবে ভোটগ্রহণ চলছে।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল ককটেল বিস্ফোরণের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
বিশ্বনাথে একই স্থানে দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ পৌরশহরের কলেজ রোডের ডাকবাংলো ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিRead More
গোয়াইনঘাটে মানবপাচারকারী চক্রের ৪ সদস্য আটক, তরুণী উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মানবপাচারকারী চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করাRead More



Comments are Closed