Main Menu

কানাইঘাটে বিএনপি নেতা নজরুল ইসলাম গ্রেপ্তার

কানাইঘাট (সিলেট) প্রতিনিধি: কানাইঘাটে নৌকার পোস্টার ছিড়ে পোড়ানো ও নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ এবং ভাংচুরের অভিযোগে লক্ষিপ্রসাদ পশ্চিম ইউপি বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৪ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে নজরুল ইসলামকে স্থানীয় সুরইঘাট বাজার থেকে কানাইঘাট থানা পুলিশ গ্রেপ্তার করে তাকে আদালতে প্রেরণ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার দিবাগত রাতে কানাইঘাট সদর ইউপির চাউরা মোড়ে টানানো নৌকার কয়েকটি পোস্টার কেবা-কারা ছিড়ে পুড়িয়ে ফেলে।

এ ঘটনায় সদর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজ চাউরা উত্তর বড়কান্দি গ্রামের তাজ উদ্দিন বাদী হয়ে নৌকার পোস্টার পুড়িয়ে ফেলা ও চাউরা পয়েন্টে অবস্থিত নৌকার নির্বাচনী অফিসের আসবাবপত্র ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে বিএনপি নেতাকর্মীদের অজ্ঞাতনামা আসামী করে থানায় একটি মামলা দায়ের করেন, মামলা নং-১৫ তাং ২৩/১২/১৮ ইং। উক্ত মামলার আসামী দেখিয়ে বিএনপি নেতা নজরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

তবে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন, নৌকার পোস্টার ছিড়ে পুড়িয়ে ফেলার ঘটনাটি সম্পূর্ণ সাজানো নাটক। নেতাকর্মীদের হয়রানী করার জন্য নৌকার নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ ভাংচুরের যে অভিযোগ আনা হয়েছে। বিষয়টি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট দ্বারা তদন্তের দাবী জানিয়েছেন ঐক্য ফ্রন্টের প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ ফারুক।

মামলার বাদী আওয়ামী লীগ নেতা তাজ উদ্দিন জানিয়েছেন, রাতের আঁধারে বিএনপি নেতাকর্মীরা নৌকার পোস্টার পুড়িয়ে ফেলা ও নির্বাচনী অফিসের আসবাবপত্র ভাংচুর করায় তিনি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে মামলা করেছেন।

কানাইঘাট থানার সেকেন্ড অফিসার স্বপন চন্দ্র সরকার জানান, আওয়ামী লীগ নেতার মামলার প্রেক্ষিতে ঘটনার সাথে জড়িত থাকার দায়ে বিএনপি নেতা নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

Share





Related News

Comments are Closed