Main Menu

৩ দফা দাবিতে ইবি কর্মকর্তাদের মানববন্ধন

শাহাব উদ্দীন অসীম, ইবি প্রতিনিধি:তিন দফা দাবি আদায়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ^বিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতির নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের নিচতলায় এ মানববন্ধন করেন তারা।

জানা গেছে, গত ৯ ডিসেম্বর কর্মকর্তাদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে বলা হয় যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন ১৭ ডিসেম্বরের মধ্যে তাদের তিন দফা দাবি মেনে না নেয় তবে ১৮ ডিসেম্বর মানববন্ধন, ২২ ডিসেম্বর মৌনমিছিল এবং ২৪ ডিসেম্বর অবস্থান কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেয় তারা। এরই অংশ হিসেবে প্রশাসন ভবনের নিচতলায় মানবন্ধন করের তারা।

মানবন্ধনে তারা উপ-রেজিস্ট্রার পদে কর্মরতদের জন্য ৫০ হাজার ও সহকারী রেজিস্ট্রারদের জন্য ৩৫ হাজার ৫শত টাকা বেতন স্কেল নির্ধারণ, চাকুরির বয়সসীমা ৬০ বছরের পরিবর্তে ৬২ নির্ধারণ এবং ক্যাম্পাসের দৈনিক কর্মঘন্টা সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টার পরিবর্তে সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত করার দাবি জানান।

এসময় কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মীর মোরশেদুর রহমান বলেন, ‘পূর্বে বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের চাকরির বয়সসীমা ছিল ৬২ বছর। সেটা কেন কমিয়ে ৬০ বছর করা হলো? আমরা চাই অনতিবিলম্বে এই চাকরির বয়স পূর্নবহাল করা হোক।’

মানববন্ধনে ক্যাম্পাসের কর্মঘন্টা পুন:নির্ধারণের দাবি জানিয়ে সভাপতি শামছুল ইসলাম জোহা বলেন, ‘আমাদের প্রতি অবিচার করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা একদিন কাজে না আসলে আমাদের শোকজ করা হয়। আমাদের গার্মেন্টস শ্রমিকের মত ব্যাগ কাধে নিয়ে আসতে হয়। যেটা হাস্যকর। তাই প্রশাসনের কাছে আমাদের দাবি সমূহ বাস্তবায়নে দাবি জানাচ্ছি।’

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি শরিফ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহানুর আলম কেরমত, দপ্তর সম্পাদক আব্দুল আওয়াল, মহিলা বিষায়ক সম্পাদক রাজিয়া সুলতানা জলিস প্রমুখ।

উল্লেখ্য, গত ৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ২৪৩তম সিন্ডিকেট সভায় এই দাবিসমূহ পাশ করার কথা থাকলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন তা করেনি। এরপর ১০ ডিসেম্বর দাবি আদায়ের প্রয়োজনে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাত দিনের আল্টিমেটাম দেয় কর্মকর্তারা। কিন্তু এরপরও প্রশাসন দাবি না মেনে নেওয়ায় মঙ্গলবার মানববন্ধন করে তারা।

Share





Related News

Comments are Closed