Main Menu

ইবিশিস’র নির্বাচনে ব্যালটের ছবি স্মার্ট ফোনে!

শাহাব উদ্দীন অসীম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমতির (ইবিশিস) নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। নির্বাচন চলাকালে বুথের ভেতর স্মার্ট ফোন দিয়ে ব্যালট পেপারের ছবি ধারণ করেন দুই শিক্ষক। বুধবার অনুষদ ভবনের ৪২৭নং রুমে অনুষ্ঠিত ভোট কার্যক্রম চলাকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ১২ ডিসেম্বর (বুধবার) সকাল সাড়ে ৯ টা থেকে ইবি শিক্ষক সমিতি নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। নিজ প্যানেলে ভোট নিশ্চিত করতে প্রার্থীরা অনেক ভোটারকে জোর করে স্মার্ট ফোনে ছবি ধারণ করার নিদেশ দিচ্ছেন এমন গুঞ্জন ওঠে। নির্বাচন কমিশন এ তথ্য জানতে পেরে ভোট প্রদান কালে সকল প্রকার ইলেক্ট্রনিক্স ডিভাইস নিষিদ্ধ করেন। নির্বাচন কমিশনারদের টেবিলের সামনে একটি ঝুড়িতে ফোন রাখার ব্যবস্থা করা হয়। শেষে এই গুঞ্জন বাস্তবে রুপ নেয় সকাল ১১টায়। ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো: আজগর আলী ভোট প্রদানের সময় তার স্মার্ট ফোনে ব্যালটের ছবি ধারণ করেন। নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা শিক্ষকরা ছবি তোলার সময় হাতে নাতে তাকে সনাক্ত করেন। এ ঘটনায় শিক্ষকদের মধ্যে শোরগোলের সৃষ্টি হয়। এসময় শিক্ষকদের পক্ষ থেকে ভোট গ্রহণ বন্ধ করার দাবি আসলে আধা ঘণ্টা ভোট গ্রহণ বন্ধ থাকে। পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সকল প্রকার স্মার্ট ফোন নিয়ে কেন্দ্রের ভিতরে প্রবেশ নিষেধ করা হয় এবং পুনরায় ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ শুরু হতে না হতেই আবারও স্মার্ট ফোন দিয়ে ব্যালটের ছবি তোলেন গণিত বিভাগের সহকারী অধ্যাপক মো: নুরুল ইসলাম। এ ঘটনা পুনরায় প্রিজাইডিং অফিসারের নজরে আসে। এতে দ্বিতীয় দফায় দশ মিনিট ভোট গ্রহণ বন্ধ করা হয়।

এ বিষয়ে সাবেক শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান বলেন, ‘নির্বাচন চলাকালে এ ধরনের ঘটনা সত্যিই অপ্রত্যাশিত। সকাল থেকেই আমি ভোট কেন্দ্রের সামনে অবস্থান করছি। ঘটনার পর নির্বাচন কমিশনারের পক্ষ থেকে জানানো হয়েছে যদি কোন ভোটার পুনরায় এ ধরনের কাজ করার চেষ্টা করেন তবে তার ভোট বাতিল করা হবে।’

Share





Related News

Comments are Closed