Main Menu

তামাবিল স্থলবন্দরে বিজিবি-কাস্টমস বিরোধ, আহত ৫

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের তামাবিল স্থলবন্দরে ভারতে গমন ও বহির্গমন যাত্রীদের ব্যাগ তল্লাশিকে কেন্দ্র করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কাস্টমস কর্মকর্তাদের মাঝে বিরোধের জের ধরে ৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন, সহকারী রাজস্ব কর্মকর্তা তুহিন চৌধুরী, মোস্তাফিজ, গাড়ি চালক রাকিব উদ্দিন, বিশ্বজিত ও সজল কান্তি।

বৃহস্পতিবার বিকেল থেকে বিজিবি ও কাস্টমস কর্মকর্তাদের মাঝে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও কাস্টমস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে সিলেটের রাগীব রাবেয়া মেডিকেল কলেজের শিক্ষার্থী ও ভারতীয় নাগরিক শ্রী রোপেন, রবার্ট থারংসি ও মতি সরণ নামক তিনজন তামাবিল ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশে আসে। এ সময় তামাবিল জিরো পয়েন্টে বিজিবির চেকপোস্টে দায়িত্বরত সদস্যরা তাদেরকে তল্লাশি করতে যায়। এতে কাস্টমস র্কতৃপক্ষের লোকজন বাঁধা দিয়ে বিজিবি সদস্যদের উদ্দেশ্য করে বলেন, ইমিগ্রেশন দিয়ে গমন ও বহির্গমনকারী যাত্রীদের ব্যাগ শুধু কাস্টমস কর্তৃপক্ষের লোকজনরাই তল্লাশি করবে। এ বিষয়টি নিয়ে তামাবিল কাস্টমস কর্মকর্তাদের সাথে বিজিবির সদস্যদের বাক-বিতন্ডার সৃষ্টি হয়।

এক পর্যায়ে বিজিবি সদস্যরা জোরর্পূবক ভারতীয় ঐ তিন যাত্রীর ব্যাগ তল্লাশি করে তাদের কাছ থেকে তিন বোতল মদ পান। এ সময় বিজিবি ও কাস্টমস এর মধ্যে বিরোধ দেখা দেয়। সৃষ্ট বিরোধ নিয়ে সন্ধ্যার পর উভয় পক্ষের মাঝে সংঘর্ষ বাধে। সংর্ঘষে কাস্টমস কর্তৃপক্ষের ৫ জন আহত হন। আহতদের মধ্যে সহকারী রাজস্ব কর্মকর্তা তুহিন ও মুস্তাফিজকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকী আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ব‍্যাপারে তামাবিল স্থল বন্দরের রাজস্ব কর্মকর্তা শিপন কুমার দাস জানান, গমন ও বহির্গমন যাত্রীদের তল্লাশির নিয়ম না থাকলেও বিজিবির সদস্যরা জোরপূর্বকভাবে কয়েকজন যাত্রীর ব্যাগ তল্লাশি করতে যায়। এতে কাস্টমসের লোকজন বাঁধা দিলে বিজিবির সদস্যরা তাদের উপর হামলা চালায়। এ নিয়ে বিরোধের জের ধরে সন্ধ্যার পর পুনরায় হামলা চালালে কাস্টমসের দুজন সহকারী রাজস্ব কর্মকর্তাসহ ৫জন আহত হয়।

তবে বিজিবি তামাবিল ক্যাম্পের সুবেদার আব্দুর রহিম কোন ধরনে হামলার কথা অস্বীকার করে বলেন, সামান্য ভুল বুঝাবুঝি হয়েছিল পরে তা শেষ হয়ে গেছে। ৫জন আহত হওয়ার বিষয়টি কাস্টমস কর্মকর্তাদের সাজানো নাটক বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed