Main Menu

সিলেটের ছয় আসনে ৬০ প্রার্থীর মনোনয়ন জমা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের ৬টি নির্বাচনী আসনে ৬০ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল বুধবার। সিলেটের ৬টি আসনে মোট মনোনয়পত্র সংগ্রহ হয়েছিল ৭৩টি।

সিলেট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সিলেট-১ আসনে ১১ জন, সিলেট-২ আসনে ৯ জন, সিলেট-৩ আসনে ১৩ জন, সিলেট-৪ আসনে ৭ জন, সিলেট-৫ আসনে ১১ জন এবং সিলেট- ৬ আসনে ৯ প্রার্থী দাখিল করেন।

সকাল থেকেই ছিলো জোট ও দলগুলোর প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেবার হিড়িক। সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে সকাল থেকেই ছিলো বিভিন্ন দলের নেতাকর্মীদের ভিড়। বেলা বাড়ার সাথে সাথে এক এক করে প্রার্থীরা নেতাকর্মীদের সাথে নিয়ে এসে মনোনয়ন জমা দেন।

সিলেট-১ (মহানগর-সদর উপজেলা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন জমা দিয়েছেন ড. একে আবদুল মোমেন। বড়ভাই অর্থমন্ত্রী আবুল মাল মুহিত ও সিলেট আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী সাথে নিয়ে এসে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন দুজন। দুপুরে বিপুল সংখ্যক নেতাকর্মীকে সাথে নিয়ে এসে মনোনয়নপত্র জমা দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. ইনাম আহমদ চৌধুরী। এর আগে এই আসনে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির মনোনয়ন জমা দিয়েছেন। এছাড়া বাসদ মনোনীত মই মার্কার প্রার্থী প্রণব জ্যোতি পাল ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী জাপার কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে আওয়ামী লীগের কেউ মনোনয়ন জমা দেননি। এ আসনে জাতীয় পার্টির মনোনয়নপত্র জমা দিয়েছেন ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া। এই আসন থেকে তিনিই মহাজোটের প্রার্থী হচ্ছেন বলে জানান। তবে এই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন অধ্যাপক এনামুল হক সর্দার।

এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির সাবেক সাংসদ ও নিখোঁজ নেতা ইলিয়াস আলীর স্ত্রী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা ও তাঁর ছেলে ইলিয়াস আবরার অর্ণব। দুপুর ২ টার দিকে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার অমিতাভ পরাগ তালুকদারের কাছে মনোনয়ন জমা দেন তারা। এছাড়া এ আসনে মনোনয়ন জমা দেন গণফোরামের মোকাব্বির খান।

সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস। এছাড়া এ আসনে বিএনপি থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩ জন। তারা হলেন- সাবেক সাংসদ শফি আহমদ চৌধুরী, সাবেক যুবদল নেতা কাইয়ুম চৌধুরী ও যুক্তরাজ্য বিএনপি নেতা ব্যারিষ্টার এম এ সালাম। এছাড়া জমিয়ত প্রার্থী মাওলানা নজরুল ইসলাম ও বিএনপি নেতা এম এ হক মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

সিলেট-৪ (কোম্পানিগঞ্জ-গোয়াইনঘাট-জৈন্তাপুর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৬ প্রার্থী। তারা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য ইমরান আহমদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক ও উক্ত আসনের সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এডভোকেট সামসুজ্জামান জামান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এ টি ইউ তাজ রহমান, জমিয়ত নেতা মাওলানা আতাউর রহমান (কোম্পানিগঞ্জী) ও ইসলামী শ্বাসনতন্ত্র আন্দোলনের মাওলানা জিল্লুর রহমা

সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন সাবেক সাংসদ হাফিজ আহমদ মজুমদার। এসময় তার সাথে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও একই আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান সাংসদ ও বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন।

এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন শরীফ আহমদ লস্কর ও মামুনুর রশিদ মামুন। এছাড়াও একই আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী।

সিলেট-৬ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এসময় তার সাথে ছিলেন গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ আসনে বিএনপির মনোনয়ন জমা দিয়েছেন সাবেক ছাত্র নেতা ফয়সল আহমদ চৌধুরী। এছাড়াও মনোনয়পত্র জমা দিয়েছেন চিত্রনায়ক হেলাল খান।

সিলেট-৬ আসনে আরও মনোনয়নপত্র দাখিল করেন বিকল্পধারার শমসের মুবিন চৌধুরী ও জামায়াতের জেলা দক্ষিণের আমির মাওলানা হাবিবুর রহমান।

Share





Related News

Comments are Closed