Main Menu

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে আশিক জাহাঙ্গীর (৩২) ও আরিফ হোসেন (৩০) নামের দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। মঙ্গলবার (২০ নভেম্বর) ভোররাতে কক্সবাজার-টেকনাফ সড়কের কেরুনতলী এলাকায় এ ঘটনা ঘটে।

আশিকের বাড়ি ময়মনসিংহ কোতোয়ালি এলাকায়। আর আরিফের বাড়ি নারায়ণগঞ্জের তল্লা বড় মসজিদ এলাকায়। ড্রাইভিং লাইসেন্স ও ভোটার আইডি কার্ডের মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করা হয়েছে।

র‍্যাব-৭ টেকনাফ সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লে. মির্জা শাহেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে টেকনাফ থেকে ছেড়ে আসা একটি ট্রাকে বিপুল পরিমাণ ইয়াবা রয়েছে। এই খবরের ভিত্তিতে র‍্যাব-৭ এর একটি দল কেরুনতলী নামক স্থানে ব্যারিকেড সৃষ্টি করে। এসময় ট্রাকটি ঘটনাস্থলে পৌঁছুলে র‍্যাব সদস্যরা ট্রাকটি থামানোর সংকেত দিলে তা অমান্য করে র‍্যাবকে গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

এসময় র‍্যাবও পাল্টা গুলি করলে এক পর্যায়ে ট্রাকটি থামে। এসময় ট্রাকটি তল্লাশি করে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে ঘটনাস্থল থেকে ১ লাখ ইয়াবা, দু’টি অস্ত্র ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া ট্রাকটি জব্দ করে।

Share





Related News

Comments are Closed